আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ক্ষমা চাইলেন সমাজমাধ্যম জায়ান্ট মেটা-র প্রধান মার্ক জুকারবার্গ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে মুছে ফেলার ঘটনায় তোলপাড় শুরু হয় দেশজুড়ে। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকেই বিশ্বে মেটার এক উচ্চপদস্থ আধিকারিক এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন। এমনই খবর সংবাদমাধ্যমে।
সম্প্রতি যুবসমাজের উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও হঠাৎই সরিয়ে নেওয়া হয়। যদিও পরে তা ফিরিয়ে দেওয়া হয় মেটা কর্তৃপক্ষের তরফে। অভিযোগ ওঠার পরই মেটা ঘটনার দায় স্বীকার করে 'প্রযুক্তিগত ত্রুটি'-কে দায়ী করে এই মার্কিন সংস্থা। তবে সেই যুক্তি কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক তাদের এই সাফাইকে মেনে নেয়নি।
আজকের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটির আইটি বিষয়ক বৈঠকে শুধু মোদির ভিডিও সরানোর বিষয়টিই নিয়েই আলোচনা হয়নি। বৈঠকে মেটার প্ল্যাটফর্মে শিশু নির্যাতন সংক্রান্ত আপত্তিকর কনটেন্ট (CSAM) এবং নারীদের অবমাননাকর কনটেন্ট রোধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।
বৈঠকে সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়, প্রধানমন্ত্রীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কোনও কনটেন্ট সরাতে হলে সুনির্দিষ্ট সুরক্ষা নিয়মনীতি থাকা উচিত। কিন্তু কেন এই সুরক্ষানীতি ঠিকমতো মানা হচ্ছে না, তা নিয়ে মেটার কাছে জবাব তলব করা হয়।
এ ছাড়া, সম্প্রতি শিশু নির্যাতন সংক্রান্ত বিজ্ঞাপন এবং কনটেন্ট মডারেশনের জেরে মেটার ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা ঝড় ওঠে। চলমান এই বিতর্কের মধ্যেই শেষমেশ মেটার শীর্ষ কর্তার ক্ষমা চাইতে বাধ্য হল। যা রাজনৈতিক ও প্রযুক্তি মহল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।
















