আজকাল ওয়েবডেস্ক: রোজকার আর পাঁচটা দিনের মতোই খাবার ডেলিভারি করতে বেরিয়েছিলেন জোম্যাটোর এক ডেলিভারি পার্টনার। কিন্তু কে জানত, সেই চেনা রুট আর এক সাধারণ ডেলিভারি তাঁর জীবনকে এভাবে বদলে দেবে! অসুস্থ মায়ের কাছে সঠিক সময়ে পৌঁছানোর জন্য এক সহৃদয় গ্রাহক ওই ডেলিভারি এজেন্টের জন্য নিজের পকেট থেকে বিমানের টিকিট কেটে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই হৃদয়স্পর্শী ঘটনাটি শেয়ার হতেই তা নেটনাগরিকদের চোখে জল এনে দিয়েছে।
অঙ্কিত পাণ্ডে নামের এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে এই পুরো ঘটনার কথা তুলে ধরেছেন। অঙ্কিত জানান, তিনি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলেন। যে ডেলিভারি পার্টনার খাবার নিয়ে তাঁর দরজায় এসেছিলেন, তিনি আগেও বহুবার অঙ্কিতের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে গেছেন, ফলে মুখটা চেনা ছিল। তবে সেদিন তাঁর চোখে-মুখে এক অদ্ভুত উদ্বেগ ছিল। খাবারটা অঙ্কিতের হাতে তুলে দেওয়ার পর, বেশ ইতস্তত বোধ করে এবং ধরা গলায় ওই ডেলিভারি পার্টনার জিজ্ঞেস করেন, "দাদা, এক গ্লাস জল পেতে পারি?"
জল খাওয়ার পর ওই ডেলিভারি পার্টনার ভেঙে পড়েন এবং জানান যে তাঁর মা ভীষণ অসুস্থ, কিন্তু এই মুহূর্তে মায়ের কাছে বাড়ি ফেরার মতো পর্যাপ্ত টাকা বা ব্যবস্থা তাঁর কাছে নেই। ডেলিভারি বয়কে এভাবে ভেঙে পড়তে দেখে অঙ্কিত আর চুপ করে থাকতে পারেননি। তিনি শুধু জল দিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি, বরং তৎক্ষণাৎ ওই ডেলিভারি পার্টনারের জন্য নিজের খরচে বিমানের টিকিট বুক করে দেন, যাতে তিনি কোনও সময় নষ্ট না করে দ্রুত অসুস্থ মায়ের পাশে গিয়ে দাঁড়াতে পারেন।
অঙ্কিতের এই নিঃস্বার্থ মানবিকতার গল্প সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনরা বলছেন, আজকের যুগেও যে মানুষের প্রতি মানুষের এমন নিঃশর্ত ভালোবাসা আর সহানুভূতি বেঁচে আছে, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। একজন সাধারণ ডেলিভারি এজেন্টের বিপদে যেভাবে ওই গ্রাহক দেবদূতের মতো পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই এক অনন্য নজির সৃষ্টি করেছে।
















