আজকাল ওয়েবডেস্ক: চরম নৃশংসতা। মুম্বইয়ের মালাডে এক প্লেট সিঙাড়া আর কাটলেটের দাম মেটানো নিয়ে বিবাদ। বচসার জেরে দোকানদারের হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

গত শনিবার রাতে মালাডের শিবাজি চক এলাকায় এই শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে। আক্রান্ত দোকানদার রণজিৎ হরিবংশ সিং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লক্ষ্মীধর মঙ্গল মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে অভিযুক্ত লক্ষ্মীধর ওই দোকানে সিঙাড়া ও কাটলেট খেতে গিয়েছিলেন। খাওয়া শেষে রণজিতের ছেলে তাঁর কাছে দাম চাইলে লক্ষ্মীধর জানান যে তিনি অনলাইনে টাকা মেটাবেন। কিন্তু দোকানদারের ছেলে নগদ টাকা দাবি করলে দু'পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় লক্ষ্মীধর দোকান কর্মীদের লক্ষ্য করে অকথ্য গালিগালাজ করতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে দোকানের মালিক রণজিৎ নিজে এগিয়ে আসেন। অভিযুক্তকে শান্ত হয়ে দোকান থেকে চলে যেতে বলেন। কিন্তু এতেই হিতে বিপরীত হয়। রণজিতের ওপর চড়াও হয়ে তাঁর হাত টেনে ধরেন লক্ষ্মীধর। এরপরই ঘটে হাড়হিম কাণ্ড। রণজিতের হাতের মাঝের আঙুলটি দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নেন অভিযুক্ত। যন্ত্রণায় রণজিৎ চিৎকার শুরু করলে তাঁর বাকি আঙুলগুলোতেও কামড় বসাতে থাকেন লক্ষ্মীধর। দোকানের কর্মী ও রণজিতের ছেলে মিলে শেষ পর্যন্ত অভিযুক্তকে আটকান। পরে পুলিশে খবর দেন।

আশঙ্কাজনক অবস্থায় রণজিৎকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্ত লক্ষ্মীধরের বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারাও।