আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম বিয়ের আয়োজন। একদিকে চলছিল দেদার খাওয়াদাওয়া, অন্যদিকে নাচগানে মেতে নিমন্ত্রিতরা। সানাইয়ের সুরে মেতে উঠেছিলেন সকলেই। বিয়ের আচার অনুষ্ঠানের সময়েই ঘটল বিপত্তি। আচমকাই বিয়ের আসরে সানাইয়ের সুর ছাপিয়ে শোনা গেল সিংহের গর্জন। একটি নয়, একদল সিংহ হাজির সেই বিয়ের আসরে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গুজরাটের জুনাগড়ে। সম্প্রতি এক বিয়েবাড়িতে ডিনারের সময়েই হঠাৎ ঢুকে পড়ে একদল সিংহ। তবে বিয়েবাড়িতে খাবারের লোভে এলেও, কারও ওপর হামলা করেনি। কিন্তু সিংহের দলের উপস্থিতিতে হঠাৎ থমথমে পরিবেশ বিয়েবাড়িতে। ভয়ে কাঁটা পাত্রপাত্রী থেকে নিমন্ত্রিতরা। 

ওই বিয়েবাড়িতেই এক মহিলা চুপিচুপি ক্যামেরাবন্দি করেন ওই মুহূর্তটি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গভীর রাতে বিয়েবাড়িতে আচমকাই ঢুকে পড়ে একদল সিংহ। তখনও কয়েকজন নিমন্ত্রিত ছিলেন। তাঁবুর মধ্যে ঢুকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গেছে দু'টি সিংহকে। 

তবে বিয়েবাড়িতে এসেও কারও ওপর হামলা করেনি। সতর্ক থাকলেও, শান্ত হয়ে খানিকক্ষণ বিয়েবাড়িতে ঘুরে বেড়ায় দু'টি সিংহ। তা দেখেই বিয়ের আসর ছেড়ে খানিকটা দূরে ছুটে পালান নিমন্ত্রিতরা। বিয়েবাড়িতে কোনও খাবার নষ্ট করেনি সিংহের দল। খানিকক্ষণ ঘোরাঘুরি করে তাঁবু থেকে বেরিয়ে সোজা কাছের জঙ্গলে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে অন্ধকারে মিলিয়ে যেতে দেখা গেছে তাদের। এই ঘটনায় কেউই আহত হননি। 

প্রসঙ্গত, গত মে মাসে এক বিয়েবাড়িতে গণ্ডার ঢুকে পড়েছিল। ধুমধাম করে বিয়ের আয়োজন। আলোয় সাজানো বাড়ি। একদিকে বাজছে গান। সেজেগুজে নিমন্ত্রিতরাও হাজির। খাওয়াদাওয়া, গল্পে মশগুল সকলে। হঠাৎ ঘটল বিপত্তি। বিয়েবাড়ির মূল গেট দিয়ে সোজা ঢুকে পড়ল একটি গণ্ডার। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সোজা চলে গেল বাড়ির ভিতরে। গণ্ডারটি ঢুকতেই হুলস্থুল কাণ্ড বিয়ের অনুষ্ঠানে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নেপালে। চিতওয়ান জাতীয় উদ্যানের ঠিক পাশেই ছিল বিয়ের অনুষ্ঠানটি। জানা গেছে, সেখান থেকে একটি গণ্ডার সোজা বিয়েবাড়িতে ঢুকে পড়ে। মূল গেট দিয়ে ঢুকে অনুষ্ঠান বাড়িতে সোজা এগিয়ে যায়। গণ্ডারটিকে দেখে প্রথমে অনেকেই ভয় পাননি। ছবি, ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। কিন্তু গণ্ডারটি যেভাবে এগিয়ে আসে, তাতেই ভয়ে পেয়ে যান সকলে। খাবার রেখেই ছুটে পালানোর চেষ্টা করেন সকলে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। দশ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বিয়েবাড়িতে গণ্ডারের উপস্থিতি দেখে চমকেও গেছেন নেটিজেনরা। উল্লেখ্য, ১৯৭৩ সালে চিতওয়ান জাতীয় উদ্যানে প্রায় ১০০টি একশৃঙ্গ গণ্ডার ছিল। বর্তমানে চিতওয়ানে প্রায় ৭০০ গণ্ডার রয়েছে। এই জাতীয় উদ্যানের আশেপাশে ৪৫ হাজার পরিবারের বসবাস। প্রায়ই জঙ্গল থেকে গণ্ডার বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু বিয়ের অনুষ্ঠানে এই প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকলেন সকলে।