আজকাল ওয়েবডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা কেরলে নতুন কিছু নয়। কিন্তু সেই ফুটবল প্রেমকে কেন্দ্র করেই এবার কেরলের কোল্লাম (Kollam) জেলায় তৈরি হলো এক রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্ক। অভিযোগ উঠেছে, কোল্লামের কড়াভুর এলাকায় ফুটবল ভক্তদের টাঙানো ব্রাজিলের জাতীয় পতাকা জোর করে নামিয়ে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) কর্মীরা।
স্থানীয় ফুটবলপ্রেমীদের অভিযোগ, বিশ্বকাপের আবহে তাঁরা এলাকায় ব্রাজিলের একটি বড় সবুজ পতাকা টাঙিয়েছিলেন। কিন্তু আরএসএস কর্মীরা এসে সেই পতাকা নামানোর জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে। তাদের দাবি ছিল, ব্রাজিলের সবুজ পতাকার সঙ্গে পাকিস্তানের জাতীয় পতাকার মিল রয়েছে। আর এই অজুহাতেই তারা পতাকাটি জোর করে খুলিয়ে নেয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেরলের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নেতারা আরএসএস-এর এই আচরণের কড়া সমালোচনা করে বলেছেন, যারা ব্রাজিলের মতো একটি বিশ্ববিখ্যাত ফুটবল খেলুড়ে দেশের পতাকাকে চিনতে পারে না, তারা আসলে খেলাধুলার সংস্কৃতিকেই নষ্ট করতে চাইছে এবং এলাকায় সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার তরজা। আরএসএস এবং ডানপন্থী সংবাদমাধ্যমগুলোর একাংশ এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছে। তাদের পাল্টা বক্তব্য, এলাকায় সাম্প্রদায়িক উসকানি দেওয়ার জন্য এবং আরএসএস-এর ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই ধরণের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পতাকাটি স্থানীয় মানুষরাই অন্য কোনও কারণে সরিয়েছিলেন এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক বা ধর্মীয় হুমকির সম্পর্ক নেই বলে তাদের দাবি। কোল্লামের এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং কেরলের স্থানীয় রাজনীতিতে বিতর্ক তুঙ্গে।















