আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে একদিকে বিক্ষোভ আর আরেকদিকে কড়া নিরাপত্তা। এর মধ্যে চলতি সপ্তাহজুড়েই কাশ্মীর উপত্যকার সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর সরকার।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর খবরে গত রবিবার থেকেই উত্তাল কাশ্মীর। অশান্তি রুখতে প্রথমে দু’দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এখনও থমথমে থাকায় প্রশাসন জানিয়েছে, আগামী ৭ মার্চ পর্যন্ত পড়াশোনা বন্ধ থাকবে।

রাজ্যের শিক্ষামন্ত্রী সাকিনা ইতো নিজেই এক্স হ্যান্ডলে এই খবর নিশ্চিত করেছেন। তাঁর স্পষ্ট নির্দেশ, কাশ্মীর ডিভিশনের সব স্কুল ও কলেজ আপাতত ৭ মার্চ পর্যন্ত খুলবে না।

মঙ্গলবার বড় কোনও অশান্তি না হলেও সোমবারের ছবিটা ছিল অন্যরকম। উপত্যকার নানা প্রান্তে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। চলে দেদার পাথর বৃষ্টি। পুলিশকর্মীসহ আহত হন কমপক্ষে ১২ জন। এর পরেই পুলিশ কড়া বার্তা দিয়েছে- যারা আইন হাতে তুলে নিয়ে পাথর ছুড়বে, তাদের 'রেয়াত' করা হবে না।

গত তিন দিন ধরে শ্রীনগরের লাল চক কার্যত শুনশান। রবিবার এখানে হাজার হাজার মানুষের বিক্ষোভের পর থেকেই এলাকাটি কাঁটাতার আর টিনের চাদর দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। সাধারণ মানুষের যাতায়াত বন্ধ রাখা হয়েছে।

বিক্ষোভের আঁচ কমাতে উপত্যকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও কমিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামীকাল রাত ৮টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। পরিস্থিতি বুঝে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।