আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে পুলিশের পৌঁছে যাওয়া নিয়ে জোর চর্চা হয়। বামেদের দাবি, যন্তর মন্তরে এসএফআই যুগ্ম সম্পাদক ঐশীর উপস্থিতির কারণেই। তাঁকে আচমকা পুরনো মামলায় গ্রেপ্তার করার চেষ্টা চলছে। বুধবার সংসদের উচ্চকক্ষেও পৌঁছল ঘটনার রেশ। এদিন জন ব্রিট্টাস এই প্রসঙ্গের উত্থাপন করেন সংসদে। তাঁকে সমর্থন জানান কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। যদিও তারপরেই উত্তর দিলেন জেপি নাড্ডা। যেমন বোঝালেন বাস্তব তেমনই অতীত টেনে তুলে ধরলেন নিজের ছাত্রাবস্থার কথা। নাড্ডার মন্তব্যে শুরু হয়েছে চর্চা।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বুধবার দিল্লিতে সিপিআই (মার্ক্সবাদী)-র কার্যালয়ে পুলিশের অভিযানকে 'আইন-শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি' হিসেবেই উল্লেখ করেছেন এবং বিরোধী দলগুলির বিরুদ্ধে এই পুলিশি পদক্ষেপকে অহেতুক রাজনীতির রঙ লাগানোর চেষ্টা এবং চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা বলে উল্লেখ করছেন। রাজ্যসভায় নাড্ডা বলেন, 'এটি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা—বিষয়টি আমাদের বুঝতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই পুলিশ পদক্ষেপ নিয়েছিল।' সঙ্গেই নাড্ডা মনে করিয়ে দেন, যেসব শিক্ষার্থী সক্রিয় আন্দোলনে যুক্ত থাকে, তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার।
এরপর কেন্দ্রীয় মন্ত্রী জরুরি অবস্থার সময়ের প্রসঙ্গ টেনে নিজের উদাহরণ দেন। তিনি জানান, ছাত্রাবস্থায় সক্রিয় আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সময় তাঁকেও বেশ কয়েকবার গ্রেপ্তার হতে হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমি নিজেও একজন ছাত্র আন্দোলনকারী ছিলাম এবং কংগ্রেস জমানায় জরুরি অবস্থার সময় শ্রেণিকক্ষ থেকেই আমাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল।'
















