আজকাল ওয়েবডেস্ক: ইরানি তেল নিয়ে ভারতের বদলে চিনের পথে পাড়ি দিল একটি 'বিতর্কিত' ট্যাঙ্কার। বর্তমান বিশ্ব রাজনীতির জটিল মারপ্যাঁচে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য। ভারত অভিমুখী ওই জাহাজটি হঠাৎ গতিপথ পরিবর্তন করায় শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।
‘পিং শুন’ নামের এই জাহাজটি নিয়ে দড়িটানাটানি নতুন নয়। ২০২৫ সালে আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় নাম উঠেছিল এই ট্যাঙ্কারটির।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘কেপলার’-এর দাবি, দিনকয়েক আগেও জাহাজটি ভারতের গুজরাট উপকূলের ভাদিনারে আসার কথা ছিল। কিন্তু মাঝপথে হঠাৎই দক্ষিণ দিকে ঘুরে এখন তা চিনের দোংইং বন্দরের দিকে এগোচ্ছে। আরেকদিকে বিশেষজ্ঞরা বলছেন, মাঝসমুদ্রে গতিপথ যে কোনও সময় আবার বদলে যেতে পারে।
কেন এই ভোলবদল? ওয়াকিবহাল মহলের মতে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে প্রয়োজনীয় নথিপত্র দিতে না পারার কারণেই হয়তো ভারতের বদলে চিনকে বেছে নিয়েছে জাহাজটি। আবার অনেকের মতে, তেলের দাম নিয়ে রফা না হওয়া কিংবা বিমা সংক্রান্ত সমস্যাও এর কারণ হতে পারে।
সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম আয়ত্তে আনতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি তেল বিক্রিতে কিছুটা ছাড় দিয়েছিলেন। সেই সুযোগেই ইরানের খার্গ দ্বীপ থেকে তেল নিয়ে রওনা দিয়েছিল এই জাহাজটি।
ভারতের জন্য এই ঘটনা যথেষ্ট উদ্বেগের। কারণ, দেশের জ্বালানি চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। বিশেষ করে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক অশান্তির জেরে ভারতের তেল ও গ্যাসের জোগানে বারবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ইরান-সংঘাত। এই পরিস্থিতিতে একটি তেলবাহী জাহাজের মুখ ফিরিয়ে নেওয়া ভারতের শক্তিক্ষেত্রে নতুন চাপের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
















