আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক স্তরে ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থা বা 'ইউপিআই'-এ জুড়ল আরও এক দেশ। এবার ইউরোপের গ্রিসেও চালু হয়ে গেল ভারতের 'ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস' বা ইউপিআই। এর ফলে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশে ভারতীয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা কার্যকর করা সম্ভব হল। এমনই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

 

জানা গিয়েছে, গ্রিসের রাজধানী এথেন্সে 'ইউরোলিংক' ও ভারতের 'এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড' -এর মধ্যে যৌথ অংশীদারিত্বে এই পরিষেবার সফল রূপায়ন সম্ভব হয়েছে। অনলাইনেই এই ব্যবস্থা চালুর আনুষ্ঠানিক সূচনার সাক্ষী ছিলেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, গ্রিসের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান 'ইউরোব্যাঙ্ক'-এর সদর দফতরে এই ব্যবস্থার লাইভ ডেমোনেস্ট্রেশন দেখেন তিনি।

 

গ্রিস এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর, এখন বিশ্বের মোট ১০টি দেশে ইউপিআই পরিষেবা ব্যবহার করা যাবে। কোথাও ভারতীয় পর্যটকদের জন্য কিউআর কোড ভিত্তিক কেনাকাটার সুবিধা রয়েছে। আবার কোথাও অন্য দেশে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে ইউপিআই কাজ করবে।

 

কোন ১০টি দেশে এখন ইউপিআই চালু রয়েছে:

 

১। সিঙ্গাপুর

 

২। সংযুক্ত আরব আমিরশাহি

 

৩। ফ্রান্স

 

৪। মরিশাস

 

৫। নেপাল

 

৬। ভুটান

 

৭। কাতার

 

৮। শ্রীলঙ্কা

 

৯। কম্বোডিয়া

 

১০। গ্রিস

 

গ্রিসের ঠিক আগেই কম্বোডিয়ায় ইউপিআই চালু হয়েছিল। সেখানে কম্বোডিয়ার জাতীয় কিউআর কোড 'কেএইচকিউআর'-এর মাধ্যমে লেনদেনের জন্য একলেডা ব্যাঙ্কের সঙ্গে চুক্তি সাক্ষর করে এনপিসিআই।

 

ইউরোপের বাজারে ইউপিআই ব্যবস্থার প্রসারে ফ্রান্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৪ সালে প্যারিসের আইফেল টাওয়ারে প্রথম ইউপিআই-এর সূচনা করে ভারত। আর এবার ফ্রান্সের পর গ্রিসেও পা রাখল ভারতের এই প্রযুক্তি।

 

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "বিশ্বজুড়ে ইউপিআই-এর এই ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা প্রমাণ করে যে, দেশের সীমানা ছাড়িয়ে এমন প্রযুক্তি-ভিত্তিক সমাধান তৈরিতে ভারতের দক্ষতার ওপর বিশ্ববাসীর ভরসা ও বিশ্বাস কতটা বাড়ছে।"

 

দেশের এনপিসিআই সংস্থার দ্বারা তৈরি ইউপিআই মোবাইল অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যে ডিজিটাল লেনদেনের সুবিধা দেওয়া হয়। বিশ্বজুড়ে এর সম্প্রসারণের মূল উদ্দেশ্য—বিদেশে ভ্রমণকারী ভারতীয় পর্যটকদের কেনাকাটা আরও সহজ করা এবং কোনও রকম ঝামেলা ছাড়াই অত্যন্ত কম খরচে আন্তর্জাতিক স্তরে আর্থিক লেনদেনের সুবিধা দেওয়া। দেশের মতোই এবার গ্রিসের বুকেও কিউআর কোড স্ক্যান করেই লেনদেন করতে পারবেন ভারতীয়রা।