আজকাল ওয়েবডেস্ক: নয়াদিল্লিতে অবস্থিত চিনা দূতাবাসে কমিউনিস্ট পার্টি অফ চায়নার (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অন্যান্য বামপন্থী দলের শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি এবং পলিটব্যুরো সদস্য আর অরুণ কুমার।

সেমিনারে বক্তব্য রাখার সময় এম এ বেবি চিনা কমিউনিস্ট পার্টি, তাদের নেতৃত্ব এবং সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কোটি কোটি মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করা, চরম দারিদ্র্য দূরীকরণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির মাধ্যমে চিনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে ঐতিহাসিক রূপান্তর ঘটেছে, তার জন্য তিনি চিনা কমিউনিস্ট পার্টিকে সাধুবাদ জানান।

নিজের বক্তব্যে বেবি ভারত ও চিনের মধ্যকার বহু বছরের পুরনো সভ্যতার মেলবন্ধন এবং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের যৌথ ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন। সেই সঙ্গে বর্তমান সময়ে দাঁড়িয়েও শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি বা 'পঞ্চশীল'-এর প্রাসঙ্গিকতার ওপর জোর দেন তিনি। তিনি স্পষ্ট জানান যে, ভারত ও চিনের উন্নয়ন কোনও  দ্বিপাক্ষিক প্রতিযোগিতার বিষয় নয়। তাই দুই দেশের মধ্যকার যাবতীয় সমস্যা ও মতপার্থক্য পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই সমাধান করা উচিত। পাশাপাশি গ্লোবাল সাউথ বা বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে ব্রিকস (BRICS) এবং এসসিও (SCO)-র মতো আন্তর্জাতিক মঞ্চগুলোতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মূল বক্তব্য পেশ করেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শু ফেইহং। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের (এআইএফবি) সাধারণ সম্পাদক জি দেবরাজন এবং সিপিআই (এমএল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব দিমরি।