আজকাল ওয়েবডেস্ক: শরতেও গভীর নিম্নচাপের প্রভাবে চরম ভোগান্তি দেশে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিস্তার নেই। গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ ও পাশ্ববর্তী কয়েকটি রাজ্যে। এর জেরে ভূমিধস, বন্যা পরিস্থিতিও বহু এলাকায়। চলতি সপ্তাহের শুরুতেও হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগ, দুর্ভোগ আপাতত জারি থাকবে। 

 

মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দূরে সরতে শুরু করেছে। দুপুরের পর পশ্চিমের জেলা হয়ে এই সিস্টেম অগ্রসর হবে ঝাড়খণ্ডের অভিমুখে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড়ে পৌঁছবে। ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। 

 

হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে আগামী দুইদিন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্রিশগড় এবং পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহ জুড়ে অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভারি বৃষ্টি হবে। 

 

মৌসম ভবন আরও জানিয়েছে, দিল্লিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি চলবে। জারি রয়েছে হলুদ সতর্কতা।