আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের লাহুয়াল-স্পিতি জেলায় পাহাড়ি ধসে প্রাণ হারালেন ১৩ জন ট্যাক্সিযাত্রী। শুক্রবার উদয়পুর-পাঙ্গি সড়কের কাডু নালার কাছে আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে একটি টাটা সুমো গাড়ির ওপর। 

পাহাড় থেকে গড়িয়ে আসা বিশালাকার পাথর ও মাটির স্তূপের নিচে পিষে যায় গাড়িটি। দুর্ঘটনাস্থল থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি ১৩ জনেরই মৃত্যু হয়েছে।

জেলা শাসক কিরণ বদানা জানান, গাড়িটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। আগের দিন ধসের কারণে উদয়পুর-কিলোর রাস্তা বন্ধ থাকায় যাত্রীরা আটকে ছিলেন। শুক্রবার সড়কটি চলাচলের জন্য খোলামাত্রই তাঁরা পাঙ্গি উপত্যকার দিকে রওনা দেন।

লাহুয়াল উপত্যকা থেকে কিছুটা দূরে কাডু নালার কাছে পৌঁছতেই ঘটে এই বিপর্যয়। চলন্ত ট্যাক্সির ওপর আচমকা বিশাল পাথর ও মাটি খসে পড়ে।

মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যায় পুরো গাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টিন্ডি থানার পুলিশ ও উদ্ধারকারী দল। ক্রেন ও জেসিবি এনে পাথর সরানোর কাজ শুরু হয়। উদ্ধার হওয়া আহত যাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ভরমৌরের বিধায়ক জনক রাজ জানান, দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। প্রাথমিক অনুমান, মৃতদের অধিকাংশেরই বাড়ি পাঙ্গি উপত্যকায়। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে নানান প্রতিকূলতা দেখা দিচ্ছে। তবে সতর্কতার সঙ্গে কাজ অব্যাহত রাখা হয়েছে।