আজকাল ওয়েবডেস্ক: ছেলের জন্মদিনে উদযাপনে মেতেছিলেন মা। তুমুল হুল্লোড়ের মাঝে আচমকা বুকে ব্যথা। ছেলেকে বাবার কাছে দিয়েই তরুণী লুটিয়ে পড়লেন মাটিতে। ছেলের জন্মদিনের পার্টিতে হার্ট অ্যাটাকেই মৃত্যু হল মায়ের। 

 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের ভালসাদে।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভালসাদের দ্য রয়াল শেল্টার হোটেলে ছেলের পাঁচ বছরের জন্মদিনের পার্টিতে আত্মীয়স্বজন, পরিচিতদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। ভরসন্ধেয় আনন্দঘন পার্টিতে এসেছিল বহু খুদে শিশুরাও। ছোটাছুটি করে সকলেই খেলাধুলা করছিল। বড়রা গল্পে, খাওয়াদাওয়ায় মশগুল ছিলেন। আমন্ত্রিতদের অভ্যর্থনা জানানোর মাঝেই ছেলেকে বাবার কোলে তুলে দেন তরুণী। এরপর আচমকা স্টেজ থেকে লুটিয়ে পড়েন মাটিতে। 

 

রুমের সিসিটিভি ফুটেজেও ঘটনাটি ধরা পড়েছে। তরুণী তার আগে পর্যন্ত স্বাভাবিক ছিলেন। তার আশেপাশেই ছিলেন একাধিক শিশু এবং আমন্ত্রিতরা। সেই সময় ছেলেকে বাবার কোলে দিয়ে তাঁর হাত ধরে স্টেজ থেকে নামতে যাওয়ার সময়েই ঘটনাটি ঘটে। বুকে ব্যথা হতেই প্রথমে স্বামীর কাঁধে মাথা রেখেই লুটিয়ে পড়েন মাটিতে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তড়িঘড়ি তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। কান্নায় ভেঙে পড়েছে মা-হারা সন্তান, তরুণীর স্বামী।