আজকাল ওয়েবডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে হাজার হাজার শ্রমিকের বিক্ষোভ। সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নয়ডা। ঘটনায় বন্ধ হয়ে যায় রাজপথ। চরম বিপত্তিতে পড়ে এনসিআর-এর জনজীবন। এই পরিস্থিতির নেপথ্যে শুধুই কি ক্ষোভ, নাকি অন্য কোনও বড় ষড়যন্ত্র কাজ করছে- তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। খতিয়ে দেখা হচ্ছে পাক-যোগের সম্ভাবনাও।
নয়ডার শ্রমিক আন্দোলনের ১০টি প্রধান দিক-
১| সোমবার সকাল থেকেই বেতন বৃদ্ধির দাবিতে নয়ডার রাজপথে নামেন হাজার হাজার শ্রমিক। এর জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে দিল্লি-সংলগ্ন এই এলাকা। জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।
২| উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর একে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দেগে দিয়েছেন। সম্প্রতি মিরাট ও নয়ডা থেকে পাক-যোগসাজশে চার সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এই প্রসঙ্গ টেনে তিনি জানান, রাজ্যকে অস্থির করতেই দেশবিরোধী শক্তিগুলি এমন অশান্তি পাকাচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
৩| চার দিন ধরে বিক্ষোভ চললেও সোমবার সকালে তা ভয়াবহ রূপ নেয়। এর জেরে নয়ডার পাশাপাশি দিল্লির সীমান্ত এলাকাগুলিতেও হাজার হাজার নিত্যযাত্রী দীর্ঘক্ষণ আটকে থাকেন।
৪| ডিএনডি ফ্লাইওয়ে, চিল্লা বর্ডার এবং এনএইচ-২৪-এর মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি কার্যত বন্ধ হয়ে যায়। অভিযোগ, ফেজ-২ এবং সেক্টর ৬০, ৬২-র মতো এলাকায় বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অফিসযাত্রী থেকে বিমানবন্দরগামী যাত্রী- সকলেই চরম দুর্ভোগে পড়েন।
৫| পুলিশ জানিয়েছে, প্রায় ৪২ হাজার শ্রমিক পথে নেমেছিলেন। সহিংসতার অভিযোগে ইতিমধ্যে সাতটি এফআইআর দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
৬| জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায়৷ এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও পুলিশের দাবি, শৃঙ্খলা ফেরাতে ‘ন্যূনতম শক্তি’ ব্যবহার করা হয়েছে।
৭| বিভিন্ন শিল্প গোষ্ঠী এই ঘটনায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, কারখানায় ঢুকে ভাঙচুর ও হামলার জেরে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে।
৮| আন্দোলনকারী শ্রমিকদের পাল্টা অভিযোগ, পুলিশই প্রথম আক্রমণ করেছে। তাঁদের দাবি ছিল, মাসিক বেতন বাড়িয়ে ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা করতে হবে।
৯| বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তেজনা কমাতে তড়িঘড়ি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ন্যূনতম মজুরি বৃদ্ধির ঘোষণা করে প্রশাসন।
১০| নতুন ঘোষণা অনুযায়ী, গৌতম বুদ্ধ নগর ও গাজিয়াবাদে অদক্ষ শ্রমিকরা এখন থেকে প্রতি মাসে ১৩,৬৯০ টাকা পাবেন। এ ছাড়া অর্ধ-দক্ষ শ্রমিকদের বেতন ১৫,০৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকদের ১৬,৮৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য জেলাতেও মজুরি বাড়ানো হয়েছে।
















