আজকাল ওয়েবডেস্ক: পকেটে রাখা মোবাইল ফেটে কার্যত থেঁতলে গেল এক ব্যক্তির অণ্ডকোষ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। জানা দিয়েছে, এলাকারই বাসিন্দা অরবিন্দ নামের ওই যুবক বাইক চালাচ্ছিলেন। সেই অবস্থায় হঠাৎই পকেটে রাখা মোবাইলের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তিনি বাইক থেকে পড়ে যান এবং মাথায় আঘাত পান।

জানা গিয়েছে, বিস্ফোরণের কারণে তাঁর অণ্ডকোষেও গুরুতর চোট লাগে। ১৯ বছর বয়সি অরবিন্দকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহত ওই যুবকের ফুচকার ব্যবসা রয়েছে। তিনি বাজার থেকে সবজি কিনে নৈনাওয়াড়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। উদনখেড়ি সংলগ্ন টোল প্লাজার কাছে পৌঁছানোর সময় হঠাৎ তাঁর পকেটে থাকা মোবাইলটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় অরবিন্দ ভারসাম্য হারিয়ে তিনি বাইক থেকে ছিটকে পড়েন।

বিস্ফোরণের ফলে তাঁর অণ্ডকোষ ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি সারঙ্গপুরের একটি হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শাজাপুরের একটি বড় হাসপাতালে রেফার করা হয়।

অরবিন্দের ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সম্প্রতি তাঁর দাদা একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছিলেন। মোবাইলটি সারা রাত চার্জে বসিয়ে রেখে সকালে সেটি পকেটে নিয়ে বাজারে গিয়েছিলেন’।

এলাকার এক মোবাইলের দোকানের মালিক ভগবান সিং রাজপুত জানিয়েছেন, 'সাধারণত সেকেন্ড হ্যান্ড মোবাইলে মূল ব্যাটারি পরিবর্তন করে চাইনিজ ব্যাটারি লাগানো হয়। এই ধরনের মোবাইল দীর্ঘক্ষণ চার্জে রাখলে বিস্ফোরণের ঝুঁকি থাকে। তাই এমন মোবাইল এক ঘণ্টার বেশি চার্জে না রাখাই ভাল'। তবে বর্তমানে অরবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।