আজকাল ওয়েবডেস্ক: মাসির বাড়িতে স্রেফ ছুটি কাটাতে গিয়েছিল বোনঝি। তাতেই ঘটল বিপত্তি। মাসির বাড়িতে একটানা থাকাকালীন মেসোর প্রেমে হাবুডুবু খেল কিশোরী। মেসোর সঙ্গে বিয়ে করে সেই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে সে। মেসোকে বিয়ে করার জন্য রীতিমতো নাছোড়বান্দা সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়। পুলিশ জানিয়েছে, শাদিপুর এলাকায় মাসির বাড়িতে ছুটি কাটাতে এসেছিল এক কিশোরী। ছুটি কাটানোর সময়েই মেসোর প্রেমে হাবুডুবু খায় সে। ঘটনাটি জানাজানি হতেই পরিবারের সদস্যরা কিশোরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু চুপচাপ মাসির বাড়ি ছেড়ে যাওয়ার পরিবর্তে, সেখানেই থেকে যাওয়ার আবদার করে সে।
এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক মিনিট পরেই তুমুল চিৎকার, চেঁচামেচি শুরু হয়। যা শুনেই আশেপাশের বাড়ির সদস্যরা ছুটে ওই বাড়ির সামনে জড়ো হন। হাজারের বেশি মানুষ জড়ো হয়ে সেই ঝামেলার সাক্ষী থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে ওই বাড়িতে ঝামেলা চলছিল। পারিবারিক ঝামেলা আর ব্যক্তিগত ছিল না। মুহূর্তের মধ্যে জনসমক্ষে তা ফাঁস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিশোরীকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে রিক্সায় ওঠানোর চেষ্টা করছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু কিশোরী চিৎকার করে বলে, সে এই বাড়ি ছেড়ে যাবেই না। মাসির বাড়িতেই আজীবন থাকতে চায়। কিন্তু কারণ কী? জনসমক্ষেই কারণ ফাঁস করে কিশোরী। সে সাফ জানিয়ে দেয়, আজীবন সে এই বাড়িতেই থাকতে চায়। শুধু তাইই নয়, মেসোর সঙ্গে বিয়ে করে, তাঁর স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকবে বলেই সিদ্ধান্ত নিয়েছে।
পরিবারের তরফে আপত্তি জানানো সত্ত্বেও বাড়ি ছেড়ে যেতে চায়নি সে। বরং বারবার তর্ক করে বলতে থাকে, 'অনেকেরই দু'টো বউ থাকে।' যে কথা শুনে স্থানীয়রা এবং পরিবারের সদস্যদের মাথায় হাত পড়ে যায়।
এদিকে ওই বাড়ির গৃহবধূ জানিয়েছেন, ওই কিশোরী সম্পর্কে তাঁর বোনঝি। গত ১৮ মাস ধরে মাসির বাড়িতেই ছিল সে। সন্তান প্রসব করার পর তাঁর দেখভাল করার জন্যেই বোনঝি মাসির বাড়িতে এসেছিল। ক্রমেই মেসোর প্রতি দুর্বল হয়ে পড়ে সে। মেসোর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে।
গৃহবধূ আরও জানিয়েছেন, কয়েক মাস আগেও এই সম্পর্ক ঘিরে অশান্তি হয়েছিল বাড়িতে। একাধিকবার এমন অশান্তির পরেও থানায় অভিযোগ জানানো হয়নি পরিবারের তরফে। ঝামেলা হলেও, দিন কয়েকের মধ্যেই কিশোরীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় পরিবার। জানা গেছে, এই প্রেমের সম্পর্ক ঘিরে ঝামেলা এখনও জারি রয়েছে পরিবারের মধ্যে। যা ঘিরে ফতেহপুর জেলাতেও চাপা উত্তেজনা রয়েছে।
