আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের নাগপুরে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক সাত বছরের নাবালিকার। দাদুর স্কুটারে চেপে নাচের স্কুলে যাচ্ছিল সে। মাঝ রাস্তায় মিনি ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল তার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে নাগপুরের গোপালনগর থেকে প্যারোল স্কোয়ার যাওয়ার মাঝের রাস্তায়। বুধবার প্রতাপ নগর থানার পুলিশ জানিয়েছে, নাবালিকা নাচের ক্লাসে যাচ্ছিল। দাদুর স্কুটারে করেই যাচ্ছিল সে। আচমকা একটি গাড়ি পিছন থেকে স্কুটারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মাঝ রাস্তায় ছিটকে পড়ে নাবালিকা ও তার দাদু।
সেই সময়ে দ্রুত গতির একটি মিনি ট্রাক পিষে দেয় নাবালিকাকে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নাবালিকার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।
দুর্ঘটনায় নাবালিকার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। এ ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। গাড়ি ও ট্রাকের চালকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
















