আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় প্রযুক্তি জগত এবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। জনপ্রিয় ফিনটেক প্ল্যাটফর্ম 'ক্রেড'-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ বিশ্বমঞ্চে এক বিরাট দায়িত্বভার গ্রহণ করবেন। সোমবার মেটা-র পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। কুনাল শাহ হোয়াটসঅ্যাপের পরবর্তী গ্লোবাল হেড হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তিনি ২০১৯ সাল থেকে এই পদে বহাল থাকা উইল ক্যাথকার্টের পরিবর্তে ওই পদে আসীন হবেন বলে সংবাদমাধ্যমের খবর।
জানা গিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম মেসেজিং প্ল্যাটফর্মের শীর্ষপদে থাকা কোনও ভারতীয় উদ্যোক্তার এমন নিয়োগ প্রযুক্তি শিল্পে সাম্প্রতিক সময়ে এক বিরাট পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবচেয়ে হাই-প্রোফাইল নেতৃত্বের পরিবর্তনগুলির এটি অন্যতম।
বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একটি মেসেজিং অ্যাপের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। এখন এখানে ডিজিটাল পেমেন্ট, বিজনেস মেসেজিং এবং এআই-এর নানারকম প্রযুক্তির সুবিধা নেওয়া যায়। মেটার মতে, একজন সফল প্রতিষ্ঠাতা এবং প্রোডাক্ট বিল্ডার হিসেবে কুণাল শাহের দীর্ঘ অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপের এই নতুন ব্যবসায়িক সম্প্রসারণে দারুণ ভূমিকা রাখতে চলেছে।
ভারতে বিভিন্ন ডিজিটাল অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের বাজারই সর্ববৃহৎ। দেশের বাজারে বিজনেস মেসেজিং এবং ডিজিটাল পেমেন্টের যে বিপুল সম্ভাবনা রয়েছে, কুণালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেটা সেই বাজারকেই বিশ্বজুড়ে আরও প্রসারিত করতে চাইছে।
কুণাল শাহের এই নিয়োগের ঘোষণা দিয়ে মেটা-র প্রধান কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ প্রশংসা করে বলেন, "কুণাল শাহ হোয়াটসঅ্যাপের পরবর্তী গ্লোবাল হেড হিসাবে মেটাতে যোগ দিচ্ছেন। কুণাল ক্রেড-কে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থায় পরিণত করেছেন। বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপটি পরিচালনার জন্য তাঁর এই 'বিল্ডার মেন্টালিটি' বা নতুন কিছু তৈরি করার মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত উপকারী হবে। কোটি কোটি মানুষ এবং লক্ষ লক্ষ ব্যবসার জন্য হোয়াটসঅ্যাপকে আরও উন্নত করে তুলতে আমি কুণালের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।"
অন্যদিকে, মেটা-র চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স জানান যে, কুণালের প্রোডাক্ট চিন্তাভাবনা এবং হোয়াটসঅ্যাপকে মানুষের কাছে আরও কার্যকরী করে তোলা যায়, তা নিয়ে তাঁর দূরদর্শিতার থাকায় তাঁকে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, "কুণাল শাহকে হোয়াটসঅ্যাপের পরবর্তী লিডার হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। উনি ভারতের অন্যতম সম্মানিত উদ্যোক্তা প্রযুক্তি কীভাবে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ওর মতামত জরুরি। হোয়াটসঅ্যাপের এই নতুন যুগে তাঁকে গাইড হিসেবে পেয়ে আমরা অত্যন্ত ভাগ্যবান।"















