আজকাল ওয়েবডেস্ক: নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি দিতে ‘ফাস্ট ট্র্যাক’ আদালত গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি স্পষ্ট জানিয়েছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষাই কেন্দ্রের প্রথম অগ্রাধিকার এবং দোষীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্রেফ ‘নজর ঘোরানোর চেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের মতে, আদালত গড়ে আসল সমস্যার সমাধান হবে না। গলদ রয়েছে পুরো ব্যবস্থার ভিতরেই।
দিল্লির রাজপথে আন্দোলন তীব্র করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের চারটি মূল দাবি স্পষ্ট তুলে ধরেছে সিজেপি। সেগুলি -
ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।
মানসিক চাপে প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা সাহায্য দিতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দায়ের করা সমস্ত মামলা বাতিল করতে হবে।
আন্দোলনকারীদের ওপর অত্যাচার চালানো পুলিশ আধিকারিকদের শাস্তি দিতে হবে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
















