১৯৪৭ সালের দেশভাগের ক্ষত আজও অনেকের মনে তাজা। কিন্তু সব বাঁধাকে তুচ্ছ করে জয় হল বন্ধুত্বের। দীর্ঘ ৭৮ বছর পর একে অপরের মুখোমুখি হলেন ভারত ও পাকিস্তানের দুই প্রবীণ ব্যক্তি। তাঁরা ছোটবেলার প্রিয় বন্ধু। সম্প্রতি, এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা দেখে চোখ ভিজেছে নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, দুই বৃদ্ধ প্রথমে একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে চিনতে চেষ্টা করছেন। পরক্ষণেই সমস্ত দূরত্ব ও স্মৃতির বরফ গলে জল হয়ে যায়। কোনও কথা না বলেই প্রিয় বন্ধুকে চিনতে পেরে তাঁরা জড়িয়ে ধরেন একে অপরকে। এই আবেগঘন আলিঙ্গন নেটদুনিয়ার হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটির শুরুতে দেখা যায়, দুই বৃদ্ধ একে অপরের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। দীর্ঘ দশক পার হওয়ার পর একে অপরের চেনা মুখগুলো চেনার চেষ্টা করছেন তাঁরা। কিছুক্ষণ থেমে থাকার পর তাঁরা দু'জনেই সামনে এগিয়ে আসেন এবং একে অপরকে জড়িয়ে ধরেন। 

কথোপকথনের সময় তাঁদের একজনকে পুরনো দিনের স্মৃতিচারণ করতে দেখা যায়। তিনি গুরদেব সিং এবং রণজিৎ সিং-এর মতো নামগুলো উল্লেখ করেন। তিনি জানান যে তাঁরা ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করতেন। একে অপরের সঙ্গে কাটানো সোনালী দিনগুলোর কথাও স্মরণ করেন।

তাঁদের এই কথোপকথন ভিডিওটিকে অনলাইন দর্শকদের কাছে আরও বেশি আবেগপ্রবণ করে তুলেছে। দীর্ঘ ৭৮ বছর পর দুই প্রিয় বন্ধুর মিলন আজ 'ফ্রেন্ডশিপ ডে'-তে যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।