আজকাল ওয়েবডেস্কঃ দিল্লিতে ছাত্র আন্দোলনের চতুর্থ দিনে শেষমেশ বড় বার্তা দিল কেন্দ্র। 'ককোরোচ জনতা পার্টি' এবং আন্দোলনকারীদের উদ্দেশে বিরাট আশ্বাস কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের দাবি নিয়ে সরকার 'যে কোনও সময়ে, যে কোনও স্থানে' আলোচনায় বসতে পুরোপুরি প্রস্তুত। আন্দোলনকারীদের কাছে গত মঙ্গলবার থেকে এই নিয়ে সরকারি তরফে মোট চার বার আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
আন্দোলনরত পড়ুয়াদের খোলাখুলি ভাবে আলোচনার জন্য আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য,"গতকাল বিকেল থেকে আন্দোলনকারীদের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারবার প্রস্তাব পাঠানো হয়েছে। নবীন প্রজন্মের বন্ধুদের প্রতি সরকারের বার্তা স্পষ্ট—আপনাদের সুবিধাজনক সময়ে যেকোনও বিষয়ে যে কোনও স্থানে আলোচনায় বসতে আমরা প্রস্তুত।"
তিনি স্পষ্ট করে দেন, এই আলোচনায় বসা নিয়ে কোনও 'ইগো' বা অহঙ্কার থাকা উচিত নয় কোনও তরফেই। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন বা কার্যালয়—যেকোনও স্থানে আলোচনা হতে পারে। সেখানে তিনি নিজে উপস্থিত থাকবে বলেও তিনি জানান। তাঁর স্থির বিশ্বাস, আলোচনার মাধ্যমেই ধীরে ধীরে সমাধানের পথ বেরোবে। এটি পড়ুয়াদের কল্যাণে নেওয়া একাধিক পদক্ষেপের অন্যতম বলেও তাঁর দাবি।
এ দিকে, আজ সকালেই পরীক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বড় ঘোষণা করেন। তিনি জানান, প্রশ্নফাঁস কেলঙ্কারিতে যুক্ত দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিশেষ ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে।
তবে এখনও নিট প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একাধিক পড়ুয়া তাঁদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের এই চাপের মুখেই সরকারের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আলোচনার ক্ষেত্রে আন্দোলঙ্কারীদের মূল শর্ত, সরকার কথা বলতে চাইলে তাদের যন্তর মন্তর বা অন্য কোনও নিরপেক্ষ স্থানে আসতে হবে। পাশাপাশি, শিক্ষামন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।
















