আজকাল ওয়েবডেস্ক: বিধায়কের বাড়িতে পাওয়া গেল গৃহ পরিচারিকার ঝুলন্ত দেহ। সমাজবাদী পার্টির নেতা জাহিদ বেগের ঘর থেকে উদ্ধার হয় ১৮ বছরের ওই নাবালিকার দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলায়। জানাজানি হতেই পুলিশ ঘিরে রেখেছে এলাকা। 

 

 

সার্কেল অফিসার অজয় কুমার চৌহান জানিয়েছেন, ওই বিধায়কের বাড়িতে কিশোরীটি বহু বছর ধরে কাজ করত। তার পরিবারও থাকে কাছেই, মামদেব এলাকায় কাঁশিরাম হাউজিং –এ। 

 

 

চৌহান জানান, মেয়েটি সকালে অনেকক্ষণ ঘুম থেকে না উঠলে বিধায়কের বাড়ির লোকেরা তাকে ডাকতে যান। তখনই দরজা ভিতর থেকে বন্ধ পান। এরপর জানলা দিয়ে দেখেন, মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।  

 

 

খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটা আত্মহত্যা। ঠিক কী কারণে এমন করল ওই কিশোরী তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

গোটা ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেনসিক দলও। দুই চিকিৎসকের একটি প্যানেল মৃতদেহের ময়নাতদন্ত করার জন্য গঠন করা হয়েছে বলে সূত্রে খবর।

 

 

বিধায়ক জাহিদ বেগ সাংবাদিকদের জানান, মেয়েটি গত ৮ বছর ধরে তাঁর বাড়িতে কাজ করছিল। মেয়েটি বাড়ির ওপরের তলায় স্টোররুমে থাকত। সকালে নির্দিষ্ট সময়ের পরও সে নীচে না নামলে তাঁকে অন্য গৃহসহায়িকারা ডাকতে যান। অনেকক্ষণ ডাকাডাকির পরও ঘর থেকে কোনও সাড়া না পেয়ে বাড়ির অন্যান্যদের ডেকে আনা হয়। 

 

 

পুলিশ সুপার মীনাক্ষী কাত্যায়ন ঘটনাটির সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে। সকলের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। মেয়েটির পরিবারের তরফে অবশ্য এই ঘটনার কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।