আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাটানারপট্টি গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় এখনও কমপক্ষে ১৩ জনের প্রাণহাণি ঘটেছে। গুরুতর জখম অন্তত ৬ জন। বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। জখম ৬ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদি, এই দুর্ঘটনাকে 'গভীরভাবে বেদনাদায়ক' বলে অভিহিত করেছেন। তাঁরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি রাজ্যের মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন এবং থাঙ্গাম থেনারাসুকে ওই গ্রামে পৌঁছে উদ্ধার অভিযানের তদারকি করারও অনুরোধ জানিয়েছেন।
বাজি তৈরির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত বিরুধুনগর জেলায় গত কয়েক বছরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
২০২৬ সালের ১৩ এপ্রিল, বিরুধুনগর জেলার সাত্তুরের অদূরে মাদাতুপট্টিতে অবস্থিত 'এক্সেল ফায়ারওয়ার্কস' কারখানায় বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি, তামিলনাড়ুর বিরুধুনগর জেলার একটি বাজি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত এবং ৭ জনেরও বেশি মানুষ আহত হন। এরপর ২০২৪ সালের ২৯ জুন, বাজি তৈরির আরেকটি কারখানায় বিস্ফোরণের ফলে চারজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।















