আজকাল ওয়েবডেস্ক:‌ রাত পোহালেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার এক দিন আগেই ভোটারদের মধ্যে টাকা বিলি করে বিতর্ক বাড়ালেন বিজেপি নেতা বিনোদ তাওরে। 


মহারাষ্ট্রের নালাসোপাড়ায় ঘটনাটি ঘটেছে। বহুজন বিকাশ আগাড়ির অভিযোগ, ওই অঞ্চলের ভোটারদের প্রভাবিত করার জন্য প্রায় ৫ কোটি টাকা খরচ করেছেন বিজেপি নেতা বিনোদ তাওরে। মুম্বইয়ের এক হোটেলে বিনোদ তাওরেকে ধরে ফেলেন বহুজন বিকাশ আগাড়ির কর্মকর্তারা। 


ইতিমধ্যেই সেখানে প্রচার পর্ব শেষ হয়েছে। নালাসোপাড়ায় হিতেন্দ্র ঠাকুরের ছেলে ভোটে লড়ছেন। হিতেন্দ্রর অভিযোগ, ভোটারদের মধ্যে টাকা বিলির উদ্দেশেই হোটেলে অত টাকা নিয়ে গিয়েছিলেন বিনোদ।


যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিনোদ তাওরে ও বিজেপি বিধায়ক অতুল ভাতখলকর। এমনকী বিজেপি নেতা জানিয়েছেন, পুলিশ তদন্ত করুক। তাহলেই সত্যিটা বেড়িয়ে আসবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাকা নিয়ে বিজেপি নেতা হোটেলে আসার খবর চাউর হতেই বহুজন বিকাশ আগাড়ির নেতা ও কর্মীরা হোটেলের বাইরে জড়ো হন। পুলিশ খবর পেতেই ঘটনাস্থলে চলে আসে। সূত্রের খবর, বিনোদের কাছ থেকে দুটো ডায়রি উদ্ধার হয়েছে। 
জানা গেছে, ওই কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন রাজন নায়েক। আর ওই কেন্দ্রে গত বার জিতেছিল বহুজন বিকাশ আগাড়ি। এবার বহুজন বিকাশ আগাড়ির অভিযোগ, খামে ভরে টাকা বিলি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।