আজকাল ওয়েবডেস্ক: 'নারী সংরক্ষণ বিল' বিতর্কে কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন রাহুল গান্ধী। রায়বেরেলির কংগ্রেস সাংসদের অভিযোগ, "২০২৩ সালে সংসদে পাশ হওয়া নারী সংরক্ষণ বিলটিই ছিল এই বিষয়ে প্রকৃত আইন। কিন্তু, বিলটিকে আসন পুনর্বিন্যাস বা 'ডিলিমিটেশন'-এর সঙ্গে যুক্ত করার বর্তমান পদক্ষেপটির মূল লক্ষ্য হল দেশের নির্বাচনী মানচিত্র বদলে ফেলা।"

রাহুল গান্ধী আরও অভিযোগ করেন যে, বিজেপি ভারতের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজানোর অপচেষ্টা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি অসম এবং জম্মু ও কাশ্মীরে অতীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। দাবি করেন যে, সমগ্র দেশের ক্ষেত্রেই বিজেপি সরকারের একই পরিকল্পনা রয়েছে। 

রাহুল গান্ধী বলেন, "এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন হবে।" তিনি অভিযোগ করেন যে, বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার উদ্দেশ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো এবং অপেক্ষাকৃত ছোট রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে ফেলার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।

কংগ্রেস সাংসদ বলেন, "আপনারা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বলছেন - আপনারা ভারতের ছোট রাজ্যগুলোকে বলছেন যে, বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার স্বার্থে আমরা আপনাদের প্রতিনিধিত্ব কেড়ে নিতে চলেছি। এটা কোনওভাবেই একটি রাষ্ট্রবিরোধী কাজের চেয়ে কম কিছু নয়।"

'নারী সংরক্ষণ বিল'-কে রাহুল গান্ধী "রাষ্ট্রবিরোধী কাজ" বলে দেগে দেন। সব বিরোধী দলের সাংসদকে আশ্বাস দিয়ে রাহুল বলেন, "এই দেশবিরোধী বিল আমরা কোনও ভাবেই পাশ হতে দেব না।"

 রাহুল গান্ধীর এই বক্তব্যের সময় সংসদের পুরো সরকারি পক্ষ তীব্র প্রতিবাদ জানিয়ে দাঁড়িয়ে ওঠে।