আজকাল ওয়েবডেস্ক: বেনজির কাণ্ড, ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক- সকলেই হতবাক। একই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন প্রার্থী তিনটি প্রতিদ্বন্দ্বী দলের হয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্থানীয়ভাবে সুপরিচিত এই প্রার্থীর নাম ভরত সিং ভাখালা। ভরত গুজরাটের দাহোদ জেলা পঞ্চায়েতের 'পিপেরো' আসনের জন্য বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ) - এই তিনটি দলেরই আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন!

পিপেরো আসনটি প্রথাগতভাবে প্রবীণ নেতা বাচ্চুভাই খাবাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, বর্তমানে এই কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে 'রাজনৈতিক থ্রিলার'। ভাখালা, গত বিধানসভা নির্বাচনে 'আপ'-এর টিকিটে লড়েছিলেন এবং বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাঁর রাজনৈতিক আনুগত্য পরিবর্তনের দীর্ঘ ইতিহাস রয়েছে। সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে 'আপ'-এ যোগ দিয়েছিলেন। এরপর দৃশ্যত বিজেপির শিবিরে গিয়ে 'আত্মসমর্পণ' করেন।

সংখ্যার খেলা
পিপেরো আসনের জন্য জমা পড়া ১১টি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এক অদ্ভুত প্রশাসনিক ধাঁধা প্রকাশ্যে এসেছে। হিসাবটি হল - বিজেপি: ৫টি ফর্ম (ভাখালা-সহ), কংগ্রেস: ২টি ফর্ম (ভাখালা-সহ), আপ: ১টি ফর্ম (ভাখালা), এবং অন্যান্য: ২ জন নির্দল প্রার্থী ও বিআরপি দলের ১ জন প্রার্থী।

এই প্রথমবার এমন ঘটনা ঘটল যে, দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলই কাগজে-কলমে বা প্রযুক্তিগতভাবে একই ব্যক্তিকে তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে পেয়েছে।

অনুমোদন রহস্য
যদিও ভাখালা তিনটি দলের হয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবুও তাঁর প্রার্থীপদ আইনি বৈধতা নির্ভর করছে সংশ্লিষ্ট দলের আনুষ্ঠানিক অনুমোদনের ওপর। নির্বাচনী বিধি অনুযায়ী, কোনও প্রার্থীকে তখনই সংশ্লিষ্ট দলের আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যদি দলটি নির্ধারিত সময়সীমার আগেই তাঁর পক্ষে একটি সুনির্দিষ্ট অনুমোদনপত্র ইস্যু করে।

স্থানীয় এক নির্বাচনী আধিকারিক বলেছেন, "পরিস্থিতি স্পষ্ট ১৫ তারিখে। কারণ ওই দিনই মনোনয়নপত্র প্রত্যাহার এবং দলের অনুমোদন জমা দেওয়ার শেষ দিন। ফলে ওই দিনই জানা যাবে যে, ভাখালা শেষ পর্যন্ত কোন দলের 'ফর্ম-বি' জমা দেন এবং কোন কোন মনোনয়নপত্র প্রত্যাহার বা বাতিল হয়ে গেল।"