আজকাল ওয়েবডেস্ক: ভরা আদালতে বিচারপতির তুমুল বকাঝকা। সকলের সামনে চূড়ান্ত অপমান। অভিমানে আত্মহত্যার চেষ্টা করল পুলিশ। তাও আবার রেললাইনে শুয়ে। আত্মহত্যার চেষ্টা করলেও বিফল ওই ব্যক্তি। ট্রেন আসার আগেই তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে রেললাইনে পুলিশের আত্মহত্যার চেষ্টা এবং তা ঘিরে অশান্তির ভিডিও ভাইরাল হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আলিগড়ের বনদেবী পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর শচীন কুমার। সম্প্রতি ভরা আদালতে বিচারপতির ধমক শুনে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
সূত্রের খবর, সেদিন আদালতে পাঁচজন বাইক চোর এবং সাতটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে পেশ করেছিলেন শচীন। বিকেল পাঁচটায় বিচারপতি অভিষেক ত্রিপাঠী আসার পর চুরির ঘটনাটি জানান তিনি। এই ঘটনায় উল্টে পুলিশের বিরুদ্ধেই গর্জে ওঠেন বিচারপতি। তাঁর দাবি, মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করেছেন তিনি। রাত দশটা পর্যন্ত আদালতে চূড়ান্ত অপমান করেন তিনি।
আদালত থেকে বেরিয়েই সোজা রেলস্টেশনে পৌঁছে লাইনে শুয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন শচীন। খবর পৌঁছে যায় থানায়। ছুটে আসেন তাঁর সহকর্মীরা। ট্রেন আসার আগেই তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পুলিশের আত্মহত্যার চেষ্টার খবর ছড়াতেই থানা এবং সংলগ্ন এলাকায় পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
