আজকাল ওয়েবডেস্ক: দেশের বিদ্যুৎ ক্ষেত্রে নিজেদের আধিপত্য আরও বাড়াতে বড় পদক্ষেপ আদানি গোষ্ঠীর। মঙ্গলবার আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (এইএসএল) জানিয়েছে, তারা ৩,০৫০ কোটি টাকায় ‘ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার’-এর ১০০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে। এই মর্মে দুই সংস্থার মধ্যে চূড়ান্ত চুক্তিও হয়ে গিয়েছে।

এর জেরে আদানিদের স্মার্ট মিটারের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লক্ষেরও বেশি। ফলে দেশের স্মার্ট মিটার বাজারে একচ্ছত্রভাবে শীর্ষস্থানে চলে আসবে আদানি এনার্জি।

ইন্টেলিস্মার্ট আসলে সরকারি যৌথ উদ্যোগে তৈরি একটি সংস্থা। ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (এনআইআইএফ) এবং এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ইইএসএল) মিলে এটি গড়ে তুলেছিল।

উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার এবং অসমের মতো বড় রাজ্যগুলিতে এই মুহূর্তে ইন্টেলিস্মার্টের প্রায় ২ কোটি ২০ লক্ষ মিটার চালু রয়েছে। আদানিরা এই পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে। তবে নিয়ম মেনে চুক্তিটি সম্পূর্ণ করতে এখনও কিছু সরকারি ও আইনি অনুমোদনের প্রয়োজন।

আদানি এনার্জি সলিউশনসের সিইও কন্দর্প প্যাটেল জানান, এই চুক্তির ফলে দেশের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার আধুনিকীকরণে তাঁরা আরও বড় ভূমিকা নিতে পারবেন। প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে।

অন্যদিকে, কাজের পরিধি বাড়ায় সংস্থার পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ইন্টেলিস্মার্টের সিইও অনিল রাওয়ালের মতে, এই হাতবদল দেশের বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটাইজেশনের গতি আরও বাড়িয়ে দেবে। এনআইআইএফ এবং ইইএসএল- উভয় সংস্থাই এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে গ্রাহক ও বিদ্যুৎ বণ্টনকারী সংস্থাগুলি আগামীদিনে আরও বড় স্তরে সুযোগ-সুবিধা পাবে।