আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে টিভিকে সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকটি শুক্রবার মহাকরণে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূলত বিভিন্ন সরকারি দপ্তরের প্রকল্পগুলি কীভাবে দ্রুত শুরু করা যায়, তা নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে।

ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলা এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিদ্যুৎ ও আইনমন্ত্রী সিটিআর নির্মল কুমার জানান, মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন দপ্তরের অধীনে মোট ৪৩৬টি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন।

মন্ত্রী আরও জানান, যুবকল্যাণ, নারীকল্যাণ, মৎস্যজীবী সম্প্রদায়ের উন্নয়ন এবং তামিলনাড়ুকে সম্পূর্ণ মাদকহীন করে তোলার মতো বিষয়গুলি এই বৈঠকে বিশেষ জোর পেয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল কুমার বলেন, “মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকটি হলো। এই বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের জন্য প্রায় ৪৩৬টি প্রকল্পের রূপরেখা দিয়েছেন।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের জন্য নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দিয়েছেন এবং সেই অনুযায়ী এই ৪৩৬টি প্রকল্প ভাগ করে দেওয়া হয়েছে।

প্রকল্পগুলির ভবিষ্যৎ কাজ নিয়ে মন্ত্রী বলেন, “এখন থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনার পর একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে। সেই নীলনকশা চূড়ান্ত হওয়ার পরেই ঠিক করা হবে কীভাবে এবং কত দ্রুত প্রকল্পগুলির কাজ শেষ করা যায়।”

রাজ্যে মাদক বিরোধী অভিযান সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নির্মল কুমার জানান, ইতিমধ্যেই সরকারি নিয়ন্ত্রণে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “তামিলনাড়ুকে সম্পূর্ণ মাদকহীন করাই আমাদের মূল লক্ষ্য। বিগত পাঁচ বছরে এ রাজ্যে গাঁজা থেকে শুরু করে মেথামফেটামিনের মতো মারাত্মক মাদকের যে রমরমা কারবার চলেছে, তা সবার জানা।” এই চক্র পুরোপুরি ধ্বংস করতে মুখ্যমন্ত্রী পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

গুটখা বিক্রির বিরুদ্ধেও কড়া পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, শুধুমাত্র মাদুরাইতেই নিষিদ্ধ গুটখা বিক্রির অভিযোগে এক সপ্তাহের মধ্যে ২৪টিরও বেশি দোকান সিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সিন্থেটিক মাদক কারবারের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে ‘গুন্ডা আইন’ প্রয়োগ করা হচ্ছে বলেও স্পষ্ট করে দেন তিনি।