আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া। আর তার জেরেই মৃত্যুমিছিল উত্তরপ্রদেশে। তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাতে জেলায় জেলায় একের পর এক মৃত্যু। শুধুমাত্র একদিনেই ৩৩ জন প্রাণ হারিয়েছেন এই রাজ্যে। হাহাকার জেলায় জেলায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের পাঁচ জেলায় গতকাল বুধবার প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। এই জেলাগুলিতে মুহুর্মুহু বজ্রপাতও হয়েছে। পাঁচ জেলায় মোট ৩৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।
উত্তরপ্রদেশের ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চান্দাউলি, সোনভদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ভাদোহি জেলায় ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বুদাউনে পাঁচজন, চান্দাউলিতে দু'জন এবং সোনভদ্রে একজন বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্যোগে নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণের সামগ্রী পৌঁছে যাবে।
ভাদোহির প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বজ্রপাত, তুমুল ঝড়বৃষ্টির কারণে বহু জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বহু বাড়িও ধসে পড়ার খবর পাওয়া গেছে। একাধিক জায়গায় মোবাইলে নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে। যেকারণে উদ্ধারকাজেও দেরি হচ্ছে।
ভাদোহি পুলিশ জানিয়েছে, দুটি পৃথক জায়গায় ভয়াবহ ধুলোঝড়ের খবর পাওয়া গেছে। এর জেরে ১৬ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ছ'জন আহত হয়েছেন। দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফতেহপুরেও আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাকি জেলাগুলিতেও ধুলোঝড়ের খবর পাওয়া গেছে। দমকা ঝোড়ো হাওয়ায় গাছ চাপা পড়েও অনেকে আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আজও জেলায় জেলায় পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার। ফসলের যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।















