আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ল যাত্রীবাহী গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। এর মধ্যে দশ মাসের এক শিশুও রয়েছে। মায়ের কোলেই ছিল সে। দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হয়েছে মা ও সন্তানের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায়। মাঝরাতে চামালু মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। গাড়িতে ছিলেন ২৭ বছরের কুলচা দেবী, তাঁর স্বামী, দশ মাসের সন্তান, ভাই, দুই কিশোর বোনপো। খাদের মধ্যে গাড়িটি উল্টে যেতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। রাত ১'টা নাগাদ শুরু হয় উদ্ধারকাজ। 

 

গভীর খাদ থেকে ছ'জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে দশ মাসের শিশু, তার মা এবং ১৯ বছরের এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। 

 

পুলিশ জানিয়েছে, আহত ও নিহতরা রাতে বাড়ি ফিরছিলেন। তাঁরা প্রত্যেকেই রেয়াসি জেলারই বাসিন্দা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে উল্টে পড়ে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।