রাতের আকাশে চাঁদকে দেখলে মনে হয়, সে যেন চিরকাল একই জায়গায় রয়েছে। কোটি কোটি বছর ধরে পৃথিবীর সঙ্গী হয়ে রয়েছে আমাদের এই একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।
2
13
কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতি বছর পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে চাঁদ। শুনতে অবাক লাগলেও, এই দূরত্ব বৃদ্ধির পিছনে রয়েছে পৃথিবীর ঘূর্ণন এবং সমুদ্রের জোয়ার-ভাটার এক অদ্ভুত সম্পর্ক।
3
13
বিজ্ঞান বিষয়ক পত্রিকা বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর পৃথিবী থেকে প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে চাঁদ। ১৯৭০-এর দশকে বিজ্ঞানীরা এই বিষয়টি নিশ্চিত করেন।
4
13
আমেরিকা ও সোভিয়েত মহাকাশ অভিযানের সময় চাঁদের পৃষ্ঠে বসানো হয়েছিল বিশেষ আয়না। পৃথিবী থেকে সেই আয়নায় লেজার রশ্মি পাঠিয়ে তার ফিরে আসতে কতটা সময় লাগছে, তা মাপেন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হয়।
5
13
চাঁদ যে পৃথিবী থেকে দূরে সরে যেতে পারে, সেই ধারণার সূত্রপাত হয়েছিল প্রায় ৩০০ বছর আগে। ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি প্রাচীন সূর্যগ্রহণের নথি বিশ্লেষণ করতে গিয়ে চাঁদের কক্ষপথে পরিবর্তনের ইঙ্গিত পেয়েছিলেন।
6
13
তবে তখনকার প্রযুক্তিতে বিষয়টি প্রমাণ করা সম্ভব হয়নি। কয়েক শতাব্দী পরে লেজার প্রযুক্তির সাহায্যে তাঁর ধারণাই সত্যি বলে প্রমাণিত হয়।
7
13
এর মূল কারণ পৃথিবীর মহাকর্ষ এবং সমুদ্রের জোয়ার-ভাটা। চাঁদের আকর্ষণে পৃথিবীর সমুদ্রে জোয়ারের সৃষ্টি হয়। পৃথিবী নিজের অক্ষে ঘোরে বলে এই জোয়ারের জলস্তর চাঁদের ঠিক নিচে না থেকে কিছুটা এগিয়ে থাকে।
8
13
পৃথিবীর ঘূর্ণনের ফলে তৈরি হওয়া এই জোয়ারের স্ফীতি চাঁদকে সামান্য শক্তি সরবরাহ করে। ফলে চাঁদ আরও উঁচু কক্ষপথে চলে যায় এবং ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যায়।
9
13
চাঁদের এই সরে যাওয়ার প্রভাব পড়ছে পৃথিবীর ঘূর্ণনের উপরেও। প্রায় ৪৫০ কোটি বছর আগে চাঁদের জন্মের সময় পৃথিবীর এক একটি দিন ছিল মাত্র পাঁচ ঘণ্টার মত।
10
13
চাঁদের মহাকর্ষীয় টানের কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমেছে। ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে আজ প্রায় ২৪ ঘণ্টা হয়েছে।
11
13
বিজ্ঞানীরা প্রাচীন প্রবালের জীবাশ্মের মধ্যেও এর প্রমাণ পেয়েছেন। সেগুলির বৃদ্ধির রেখা বিশ্লেষণ করে জানা গিয়েছে, অতীতে এক বছরে দিনের সংখ্যা বর্তমানের তুলনায় বেশি ছিল।
12
13
বিজ্ঞানীদের মতে, আপাতত উদ্বেগের কিছু নেই। প্রতি বছর ৩.৮ সেন্টিমিটার দূরত্ব বাড়লেও মানুষের জীবদ্দশায় তা বোঝার কোনও উপায় নেই। এমনকী পৃথিবীর ঘূর্ণন ও অক্ষের স্থিতিশীলতায় বড় পরিবর্তন আসতে এখনও কয়েকশো কোটি বছর সময় লাগতে পারে।
13
13
রাতের আকাশে চাঁদকে দেখে নিশ্চিন্তেই মুগ্ধ হতে পারেন। তবে মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে পরিচিত এই উপগ্রহটিও প্রতিনিয়ত এক দীর্ঘ মহাজাগতিক যাত্রায় সামিল।