বাইরে অঝোরে বৃষ্টি আর ঘরে বসে চায়ের সঙ্গে চাই শিঙাড়া, চপ, বেগুনি বা পকোড়া। বর্ষাকালে পড়ন্ত বিকেলে যেন অজান্তেই তেলেভাজার দিকে চলে যায় মন। এদিকে তৈলাক্ত খাবার যে শরীরের জন্য মোটেই ভাল নয়। তাছাড়া ইদানীং স্বাস্থ্য নিয়ে বেড়েছে সচেতনতাও। তাই বলে কি বৃষ্টির দিনে মুখরোচক খাবার জুটবে না! একেবারেই নয়, বরং বাড়িতেই কম তেলে বা এয়ার ফ্রায়ারে তৈরি করে নিতে পারেন কিছু পুষ্টিকর স্ন্যাকস।
2
11
ওটস কাটলেট
উপকরণ: ১ কাপ ওটস, ১টি ছোট পেঁয়াজ (মিহি কুচি), ১টি ছোট টমেটো (বীজ ফেলে কুচি), ২টি কাঁচালঙ্কা কুচি, ২ টেবিলচামচ ধনেপাতা কুচি, ১ চা-চামচ আদা কুচি, আধ চা-চামচ ভাজা জিরেগুঁড়ো, আধ চা-চামচ গোলমরিচগুঁড়ো, ১ চা-চামচ চাট মশলা (ঐচ্ছিক), স্বাদমতো নুন, ১-২ টেবিলচামচ ওটসের গুঁড়ো বা ব্রেডক্রাম্বস (প্রয়োজনে), ১ চা-চামচ তেল
3
11
প্রণালী: প্রথমে একটি পাত্রে ওটস নিয়ে অল্প গরম জল দিয়ে ৮-১০ মিনিট ভিজিয়ে রাখুন। ওটস নরম হয়ে এলে অতিরিক্ত জল থাকলে ঝরিয়ে মিক্সিতে হালকা করে পেস্ট বানিয়ে নিন। এবার একটি বড় পাত্রে ওটসের সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা, ধনেপাতা, আদা কুচি, জিরে গুঁড়ো, গোলমরিচ, চাট মশলা ও নুন দিয়ে ভালভাবে মেখে নিন। মিশ্রণটি যদি বেশি নরম মনে হয়, তাহলে সামান্য ওটসের গুঁড়ো বা ব্রেডক্রাম্বস মেশাতে পারেন। এবার হাতে অল্প তেল মেখে গোল বা ডিম্বাকৃতি কাটলেট তৈরি করুন। এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে কাটলেটগুলো সাজিয়ে দিন। উপরে সামান্য তেল ব্রাশ করে ১০-১২ মিনিট রান্না করুন। মাঝপথে একবার উল্টে দিলে দু'দিকই সুন্দর সোনালি ও মুচমুচে হবে। এয়ার ফ্রায়ার না থাকলে নন-স্টিক প্যানে অল্প তেলে ধীরে ধীরে সেঁকে নিন। ধনেপাতার চাটনি বা টক দইয়ের ডিপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
4
11
মুগ ডাল ও পালংশাকের পকোড়া
উপকরণ: ১ কাপ মুগ ডাল, ১ কাপ পালংশাক কুচি, ১ চা-চামচ আদা বাটা, আধ চা-চামচ মৌরি বাটা, ২টি কাঁচালঙ্কা কুচি, ২ টেবিলচামচ ধনেপাতা কুচি, ১ চিমটে হিং, আধ চা-চামচ গোলমরিচগুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য তেল
5
11
প্রণালী: মুগ ডাল ৪-৫ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে আদা ও সামান্য নুন দিয়ে মিক্সিতে বেটে নিন। ব্যাটার খুব পাতলা করবেন না। এবার এতে পালংশাক, কাঁচালঙ্কা, ধনেপাতা, মৌরি বাটা, হিং, গোলমরিচ ও প্রয়োজনমতো নুন মিশিয়ে ভালভাবে নেড়ে নিন। এয়ার ফ্রায়ারের ট্রেতে হালকা তেল ব্রাশ করে ছোট ছোট পকোড়ার আকারে মিশ্রণটি সাজিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১৫ মিনিট রান্না করুন। ৬-৭ মিনিট পর একবার উল্টে দিন, যাতে দুই দিকই সমানভাবে সোনালি ও মুচমুচে হয়। এছাড়া নন-স্টিক প্যানে খুব অল্প তেলে ধীরে ধীরে সেঁকে নিতে পারেন। পুদিনা বা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
6
11
ডিমের তন্দুরি
উপকরণ: ৪টে সেদ্ধ ডিম, আধ কাপ জল ঝরানো টক দই, ১ চা-চামচ আদা-রসুন বাটা, ১ চা-চামচ তন্দুরি মশলা, ১ চা-চামচ কাশ্মীরি লঙ্কারগুঁড়ো আধ চা-চামচ হলুদগুঁড়ো, আধ চা-চামচ গোলমরিচগুঁড়ো, ১ চা-চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন, সামান্য মাখন বা তেল
7
11
প্রণালী: প্রথমে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে প্রতিটি ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা চিরে দিন, যাতে মশলা ভেতর পর্যন্ত ঢুকে যায়। একটি পাত্রে জল ঝরানো টক দই, আদা-রসুন বাটা, তন্দুরি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচ, সর্ষের তেল ও নুন মিশিয়ে ঘন মেরিনেড তৈরি করুন। এবার সেই মিশ্রণে ডিমগুলো ভালভাবে মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এরপর নন-স্টিক প্যানে সামান্য মাখন বা তেল গরম করে কম আঁচে ডিমগুলো চারদিক ঘুরিয়ে ৮-১০ মিনিট সেঁকে নিন, যাতে বাইরের অংশে হালকা পোড়া রং আসে। চাইলে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে এয়ার ফ্রায়ারেও ৮-১০ মিনিট রান্না করতে পারেন। শেষে ধনেপাতার চাটনি, পেঁয়াজের রিং ও লেবুর টুকরোর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
8
11
চিকেন টিক্কা
উপকরণ: ২৫০ গ্রাম হাড়ছাড়া চিকেন, আধ কাপ জল ঝরানো টক দই, ১ টেবিল চামচ ছাতু, ১ চা-চামচ সর্ষের তেল, ১ চা-চামচ আদা-রসুন বাটা, আধ চা-চামচ হলুদ, ১ চা-চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধ চা-চামচ গোলমরিচগুঁড়ো, ১ চা-চামচ চাট মশলা, আধ চা-চামচ গরম মশলা, স্বাদমতো নুন
9
11
প্রণালী: চিকেন ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বড় পাত্রে টক দই, ছাতু, সর্ষের তেল, আদা-রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, চাট মশলা, গরম মশলা ও নুন মিশিয়ে একটি ঘন মেরিনেড তৈরি করুন। এবার চিকেনের টুকরোগুলো সেই মশলায় ভালভাবে মাখিয়ে অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার নন-স্টিক তাওয়াতে কম আঁচে সেঁকে নিন। এছাড়া এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে ১২-১৫ মিনিট রান্না করতে পারেন। পুদিনার চাটনি, পেঁয়াজের রিং ও লেবুর টুকরোর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।