বয়সের ভার হোক কিংবা অসুস্থতা, কোনও কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিনি অপ্রতিরোধ্য, বলিউডের ‘শাহেনশাহ’। অটুট তাঁর অদম্য ‘ম্যাজিক’। আজ ১১ অক্টোবর ভারতীয় সিনেমার ‘ভীষ্ম পিতামহ’ অমিতাভ বচ্চনের ৮৩-তম জন্মদিন। কয়েক দশক ধরে একইভাবে দর্শকের হৃদয়ে রাজত্ব করে চলেছেন ‘বিগ বি’। তাঁর অভিনয়ের জাদু এখনও নাড়িয়ে দিয়ে যায় দর্শকমনকে।
2
8
এক সময়ের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ যেন এখন বহুমাত্রিক অভিনেতা, যিনি নিজের দ্বিতীয় ইনিংসে এমন সব সিনেমা উপহার দিয়েছেন যা প্রমাণ করে বচ্চন মানেই নতুন করে জন্ম নেওয়া এক ঘরানা। তেমনই তাঁর সেরা পাঁচ ছবির বিষয়ে এক ঝলকে দেখে নিন-
3
8
১. পা (২০০৯): ‘পা’ ছবিতে ১২ বছর বয়সি এক শিশুর চরিত্রে অভিনয় করেন অমিতাভ, যে প্রজেরিয়া নামে বিরল জেনেটিক রোগে আক্রান্ত। চেহারায় বার্ধক্য কিন্তু মনে একেবারে ছোট্ট শিশু- এই বৈপরীত্যকেই নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন কিংবদন্তি অভিনেতা।
4
8
২. পিঙ্ক (২০১৬):এক অবসরপ্রাপ্ত আইনজীবীর চরিত্রে ধরা দিয়েছিলেন অমিতাভ বচ্চ। ‘পিঙ্ক’ ছবিতে তিন তরুণীর পক্ষ নিয়ে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান শাহেনাহ। এই ছবিতে তাঁর সংলাপ ‘নো মিনস নো’-এক সামাজিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। মহিলাদের সম্মান ও নিরাপত্তা নিয়ে যে দৃঢ় বার্তা ছবিটি দেয়, সেখানে অমিতাভের গম্ভীর অথচ সংবেদনশীল অভিনয় ছিল মূল শক্তি।
5
8
৩. বদলা (২০১৯): সুজয় ঘোষ পরিচালিত এই রহস্য-থ্রিলারে অমিতাভ অভিনয় করেন এক ধূর্ত আইনজীবীর চরিত্রে। যিনি ধাপে ধাপে খুলে দেন প্রতারণা, হত্যা ও মিথ্যার জট। ‘বদলা’-তে তাঁর চরিত্রটি ছিল রহস্যময়, সূক্ষ্ম এবং দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত বিভ্রান্ত রাখার মতো নিপুণভাবে নির্মিত।
6
8
৪. ‘ব্ল্যাক’ (২০০৫): এক অন্ধ-বধির মেয়েকে জীবনের আলো দেখান শিক্ষকের ভূমিকায় অমিতাভ বচ্চন। ‘ব্ল্যাক’ ছবিতে তাঁর অভিনয় ছিল গভীর, তীব্র ও আবেগময় যা তাঁকে জাতীয় পুরস্কারও এনে দেয়। ছবিটি আজও শিক্ষাদান ও মানবিক সম্পর্কের প্রতীক হিসেবে দর্শকের মনে অমর হয়ে রয়েছে।
7
8
৫. ‘পিকু’ (২০১৫): বাবা-মেয়ের তিক্ত-মধুর সম্পর্ক ফুটে ওঠে ‘পিকু’-তে। যেখানে এক বয়স্ক বাবার চরিত্রে ছিলেন অমিতাভ। তাঁর মেয়ের ভূমিকায় দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। বাবা-মেয়ের খুনসুটি আর ভালবাসায় জড়ানো সম্পর্ক দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল।
8
8
অমিতাভ বচ্চনের দ্বিতীয় ইনিংস প্রমাণ করেছে, বয়স শুধুই সংখ্যা মাত্র। তিনি এখন আর কেবল নায়ক নন, যেন এক প্রতিষ্ঠান, এক জীবন্ত কিংবদন্তি। যিনি বারবার নিজেকে নতুন করে আবিষ্কার করেন। আজ তাঁর জন্মদিনে বলিউড থেকে দর্শক, সকলে এক সুরে বলছে, ‘অমিতাভ বচ্চন মানেই চিরন্তন!’