বলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক, সঙ্গীত পরিচালক এবং কম্পোজার বিশাল দাদলানি। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন হাজার হাজার সঙ্গীত শিল্পী। তবে এদিন তিনি এত ক্ষেপে যান এক উঠতি গায়কের কাজে, যে সেটা উগরে দেন সমাজমাধ্যমে। একই সঙ্গে জানিয়ে দেন, কোন কাজ করলে তাঁর সঙ্গে কাজ করা তো দূর, দেখা পর্যন্ত হবে না কখনও।
এদিন ইনস্টাগ্রামে বিশাল দাদলানি যে পোস্টটি করেছেন, সেখানে লেখেন, 'নতুন, উঠতি গায়কদের জন্য কিছু বুদ্ধি এবং পরামর্শ। ভুলেও কখনও কোনও মন্ত্রী বা তাঁর সেক্রেটারিকে দিয়ে আমাকে ফোন করাবে না। এটা একটা নিশ্চিত পথ, যেটা বেছে নিলে তোমার আমার সঙ্গে কখনই দেখা হবে না।'
একই সঙ্গে তিনি লেখেন, 'যে মানুষরা কন্ট্যাক্ট কাজে লাগিয়ে জীবনের পথে এগোতে চান তাঁদের জন্য আমার বিন্দুমাত্র সম্মান, শ্রদ্ধা নেই। এই কাজটি যে ছেলেটি সদ্যই ঘটিয়েছ তার উদ্দেশ্যে, মন্ত্রীকে ব্লক করে দিয়েছি। এমনকী তোমাকেও। এবার যদি তুমি কোনও বড়, বিরাট মাপের গায়কও হয়ে যাও, আমার তোমার সঙ্গে কাজ করার কোনও আগ্রহ নেই। দুঃখিত।'
বিশাল দাদলানি তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'দয়া করে নিজেদের গুণের উপর ভরসা রাখো। কঠোর পরিশ্রমের জন্য তৈরি থেকে ধৈর্য ধরো। যদি তোমার মধ্যে গুণ থাকবে, তাহলে একদিন নিশ্চয় তোমার সময় আসবে। এই ফোন করিয়ে দেখে নেওয়া, ইত্যাদির মতো জিনিসগুলো করো না। এটা ভীষণ বোরিং। এই কাজ করলে, তুমি নিজেই বুঝিয়ে দাও যে তোমার নিজেরই নিজে গুণের উপর বিশ্বাস নেই।'
বিশালের এই পোস্টে অনেকের মধ্যে মন্তব্য করেছেন বগ বস বিজয়ী মুনাওয়ার ফারুকি। তিনি মশকরা করে লেখেন, 'স্যার, আমার ম্যানেজার ট্রুকলারে ওর নিজের নাম মন্ত্রী লিখে রেখেছে। একটু দেখুন। ওকে আনব্লক করে দিন।' পাল্টা জবাবে মজা করে বিশাল লেখেন, 'খুব ভাল করেছ ওকে কাজে রেখে। এবার একটা উকিল রেখে দাও।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিশাল দাদলানিকে বর্তমানে ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শোতে দেখা যাচ্ছে। 'ঝুমে জো পাঠান', 'বালাম পিচকারি', 'বেশরম রং', ইত্যাদির মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন। কয়েক ঝলক দেখা গিয়েছে 'হ্যাপি নিউ ইয়ার', ইত্যাদির মতো ছবিতে অভিনয়ও করেছেন।
