ক্লিক ওটিটি (Klikkk OTT)-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'ভার্জিনপুর'৷ ভার্জিনপুর এমন শহরে, যেখানে বিচিত্র সব চরিত্র জড়িয়ে পড়ে অপরাধ, বিশৃঙ্খলা আর হাস্যরসের এক বিপজ্জনক খেলায়।
এই গল্পের কেন্দ্রে রয়েছে জিতু, সহজ সরল নিষ্পাপ গ্রামের ছেলে, কলেজে পড়াশোনা করতে শহরে আসে৷ কিন্তু তার সেই স্বপ্ন খুব দ্রুতই ওলটপালট হয়ে যায়। সে প্রেমে পড়ে রাই-এর, এক বুদ্ধিদীপ্ত ও তুখোড় মেয়ের, যে থাকে ‘ম্যাডাম নিবাস’-এ—সেই বোর্ডিং হাউসেই থাকার কথা জিতুরও। এক অদ্ভুত ঘটনার জেরে জিতু ও রাই জড়িয়ে পড়ে এক দুঃসাহসিক অপহরণ-কাণ্ডে। এরপর ঘটনা মোড় নেয় নানা দিকে৷

তীক্ষ্ণ কমেডি, গল্পের অপ্রত্যাশিত বাঁকে টানটান রহস্যে ভরা ভার্জিনপুর৷ একে অপরকে বোকা বানানোর খেলায় মেতে ওঠা চরিত্ররা কি আদৌ জীবিত থাকবে? নাকি ভাগ্যের পরিহাসে ঘটবে অন্য কিছু? সেই উত্তর দেবে সিরিজটি৷

জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "ভার্জিনপুর কাল্পনিক জনপদ। এই জায়গাটি ভরপুর নানা রঙিন, অদ্ভুত এবং মজাদার চরিত্রে, যাদের অধিকাংশই আমাদের চারপাশের বাস্তব জীবন থেকেই অনুপ্রাণিত। Klikk–এর সঙ্গে এটা আমার সপ্তম কাজ। পাশাপাশি, এটি আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং দীর্ঘদিনের সহকর্মী শুভদীপ মুখার্জীর পরিচালনায় প্রথম কাজ। তাই এই প্রজেক্টটি আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সিরিজটি এক আনন্দময় রোলারকোস্টার যাত্রা, যেখানে রয়েছে রোমাঞ্চ, প্রেম, আবেগ এবং ভরপুর হাস্যরস। হালকা মেজাজের এই কমেডি-থ্রিলার দর্শকদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।"

পরিচালক শুভদীপ মুখার্জি বলেন, "পরিচালক হিসাবে এটা আমার প্রথম কাজ৷ Klikk–এর সঙ্গে আমি পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছি। আমরা প্রথম থেকেই জানতাম জিতুর চরিত্রে ঋতব্রত এবং রাইয়ের চরিত্রে শার্লি একেবারে উপযুক্ত হবে, কারণ আমরা আগে থেকেই তাঁদের কাজ দেখেছিলাম। আমার চিত্রগ্রাহক অনিরকে বিশেষ ধন্যবাদ, যিনি সেই মুহূর্তগুলোকে অসাধারণ নান্দনিকতায় পর্দায় তুলে ধরেছেন। তার সঙ্গে সৌমিত দেবের লেখা সংলাপগুলো এতটাই মজাদার এবং অভিনেতাদের পরিবেশনাও এতটাই নিখুঁত ছিল যে আমার কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল।"
সত্যম ভট্টাচার্য বলেন, "Virginpur একটি ব্যতিক্রমী, আধুনিক ধাঁচের ডার্ক কমেডি-থ্রিলার। যেভাবে এটি লেখা হয়েছে, যেভাবে প্রত্যেক অভিনেতা তাঁদের চরিত্রে প্রাণ দিয়েছেন এবং যেভাবে পুরো ইউনিট একসঙ্গে কাজ করেছে, তাতে আমার বিশ্বাস এটি দর্শকদের জন্য একেবারে ঝাল-মশলাদার, উপভোগ্য এক অভিজ্ঞতা হয়ে উঠবে।"

ঋতব্রত মুখার্জী বলেন, "জিতুর চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলব, সে সম্পর্কে আমার একটা প্রাথমিক ধারণা ছিল। স্ক্রিপ্টটি অত্যন্ত সুন্দরভাবে লেখা। চিত্রনাট্য পড়লেই চরিত্রটির চেহারা, আচরণ এবং মানসিকতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। তার সঙ্গে আমাদের পরিচালক শুভদীপ মুখার্জী এবং ক্রিয়েটর জয়দীপ বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, তাঁরা আমাকে চরিত্রটি নিয়ে নিজের মতো করে কাজ করার যথেষ্ট স্বাধীনতা এবং পরিসর দিয়েছিলেন। একই সঙ্গে তাঁদের মূল্যবান পরামর্শ এবং নির্দেশনা প্রতিটি মুহূর্তে আমাকে চরিত্রটিকে আরও গভীরভাবে বুঝতে এবং ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। Klikk–এর সঙ্গে এটাই আমার প্রথম কাজ, এবং এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এমন অনেকবার হয়েছে, যখন সংলাপের পাঞ্চলাইন শুনে আমি নিজেই হেসে ফেলেছি এবং শট কাট করতে হয়েছে!"

শার্লি মোদক বলেন, "রাই একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে নিজের জীবনের সংগ্রামের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলে। বাইরে থেকে তাকে হয়তো কঠিন বা রুক্ষ মনে হতে পারে, কিন্তু অন্তরে সে অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল। 'ভার্জিনপুর' একটি দুর্দান্ত কমেডি সিরিজ, এখানে প্রতিটি চরিত্রেরই আলাদা আলাদা রং এবং স্তর রয়েছে, Klikk–এর এই ব্যতিক্রমী সিরিজটি অবশ্যই দর্শকদের দেখা উচিত।''

নিশান্তিকা দাস বলেন, "ওয়ার্কশপ চলাকালীন আমাদের ক্রিয়েটর জয়দীপ বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, “নিজের ভেতরের ঝিন্টিকে খুঁজে বের করতে।” কাজটা সহজ ছিল না। আমার বিশ্বাস, দর্শক Virginpur–এর প্রতিটি চরিত্রের সঙ্গে কোনও না কোনওভাবে নিজেকে যুক্ত করতে পারবেন।"

বিশ্বজিৎ দাস বলেন, "চরিত্রটা প্রথমবার পড়ার সময়ই আমি এর প্রেমে পড়ে গিয়েছিলাম। এই ধরণের উইয়ার্ড অথচ অত্যন্ত রিয়েল একটা ক্যারেক্টার ফুটিয়ে তুলতে হলে অতিরিক্ত অভিনয় না করাটাই আসল চাবিকাঠি। এতদিন পরে আবার এই একটা চরিত্র, যেটা আমাকে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার আমার সুযোগ করে দিয়েছে। ক্লিক ওটিটির সাথে এটা আমার তৃতীয় কাজ। আমরা সবাই প্রচুর খেটে এই ফিল্মটা বানিয়েছি, আশা করি দর্শকরা খুব উপভোগ করবেন".
ফিল্মস অ্যান্ড ফ্রেমস শান্তনু চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই সিরিজে অভিনয় করেছেন ঋত্বব্রত মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শার্লি মোদক, নিশান্তিকা দাস, বিশ্বজিৎ দাস, শুভজিৎ কর, দেবপ্রসাদ হালদার। সিরিজটি পরিচালনা করেছেন শুভদীপ মুখোপাধ্যায়। ক্রিয়েটর জয়দীপ ব্যানার্জী, কাহিনি ও চিত্রনাট্য: রুদ্রদীপ চন্দ, সংলাপ সৌমিত দেব, চিত্রগ্রহণ অনির, সম্পাদনা: কৌস্তভ সরকার, প্রধান সহকারী পরিচালক: কৌশিক সরকার, সঙ্গীত: প্রাঞ্জল দাস
















