একবার নয়, একাধিকবার সাইবার ক্রাইমের শিকার হয়েছেন বিক্রান্ত ম্যাসি! বিগত কয়েক বছরে তাঁকে এবং তাঁর পরিবারের লোককে বারংবার টার্গেট বানানো হয়েছে বলে এদিন দাবি করেছেন অভিনেতা। এই সাইবার ক্রাইমের মধ্যে কী নেই, কখনও সোশ্যাল মিডিয়া হ্যাক করা, কখনও আর্থিক ক্ষতি সবই রয়েছে। 

 

শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিক্রান্ত ম্যাসি অভিনীত সিরিজ 'প্রীতম অ্যান্ড পেডরো'। এই সিরিজটিতে মূলত সাইবার ক্রাইম এবং তার কতটা প্রভাব আমজনতার উপর পড়ে সেটাই তুলে ধরা হবে। তারই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে এই হাড়হিম করা ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শোনালেন অভিনেতা। জানালেন তিনি নিজেই একাধিকবার এই ধরনের অপরাধের শিকার হয়েছেন। 

 

কী কী সাইবার ক্রাইম ফেস করেছেন বিক্রান্ত? এই বিষয়ে তিনি স্মৃতি হাতড়ে বলেন, 'আমার সঙ্গে এমনটা ৩-৪ বার ঘটেছে। আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দুই বার হ্যাক করা হয়েছে। এমনকী আমার ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত একবার হ্যাক করেছিল অপরাধীরা।' না, কেবল প্রোফাইল হ্যাক করা নয়, আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন অভিনেতা। সেই ঘটনার প্রসঙ্গে এদিন তিনি বলেন, 'আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে টাকা তুলে নেওয়া হয়েছে।' 

 

নিজের পরিবার তো বটেই, আত্মীয়দের মধ্যেও এমন ঘটনা ঘটেছে বলে জানান। তাঁর কথায়, তাঁর শ্যালিকার শ্বশুর মশাইকেও একই ভাবে অনলাইনে ঠকানো হয়েছে পরিষেবা দেওয়ার নাম করে। 

 

প্রসঙ্গত, 'প্রীতম অ্যান্ড পেডরো' সিরিজটি জিও হটস্টারে দেখা যাবে। আগামী ৩ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। এই সিরিজের প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি। অবিনাশ অরুণের পরিচালিত 'প্রীতম অ্যান্ড পেডরো' সিরিজে মুখ্য ভূমিকায় বিক্রান্ত ম্যাসি ছাড়াও দেখা যাবে আরশাদ ওয়ার্সি, মোনা সিং, বোমান ইরানি, প্রমুখকে। 

 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বর্তমান সময়ে জীবন যত বেশি ডিজিটালাইজড হচ্ছে, তত বেশি সাইবার অপরাধের সংখ্যা যেন বাড়ছে। সেখানে দাঁড়িয়ে এমন একটা সিরিজ যে বেশ গুরুত্বপূর্ণ সেটা বলা যায়। এদিন 'প্রীতম অ্যান্ড পেডরো' ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বার্তা দেন কীভাবে আর কেন সাধারণ মানুষ প্রতারকদের খপ্পরে পড়েন। কীভাবে বাঁচা যায়। 'প্রীতম অ্যান্ড পেডরো' সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজকুমার হিরানি, বিক্রান্ত ম্যাসি, আরশাদ ওয়ার্সি, শ্রেয়া ঘোষাল, প্রমুখ।