নতুন যাত্রার শুরুতেই ধাক্কা খেলেন বিক্রম চ্যাটার্জি। বাংলা বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তিনি অভিনয়ের পাশাপাশি এই প্রথম প্রযোজনা করতে চলেছেন৷  তাঁর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’ (Taarkata)-র মাধ্যমে শুরু হচ্ছে তাঁর প্রযোজনা সংস্থা বিক্রম চ্যাটার্জি ফিল্মস বা VC Films (Vikram Chatterjee Films)-এর পথচলা। 

এই সিরিজটির শুটিং করতে গিয়ে পায়ে চোট পেলেন বিক্রম৷ সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন বিক্রম৷ অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করছেন৷ কিন্তু কী হয়েছে অভিনেতার?  

আজকাল ডট ইন যোগাযোগ করেছিল বিক্রম চ্যাটার্জির সঙ্গে। বিক্রম জানিয়েছেন, "তারকাটা অ্যাকশন সিরিজ৷ একটি মেলার মধ্যে শুট করছিলাম আমরা৷ একটা দৃশ্য ছিল যেখানে সত্যম ঢুকবে আর আমাকে বাঁচাবে৷ সত্যম আমাকে ফ্রেম থেকে ধরে নিয়ে বেরোবে- এরকম হওয়ার কথা ছিল৷ বেরোনোর সময় আমি আর সত্যম দু'জনেই ব্যালান্স হারাই। সত্যম আমার উপর পড়ে৷ প্রথমে হাঁটুতে লাগে তারপর গোড়ালি মচকে যায়৷ যেহেতু আমাদের ২০ আর ২১ তারিখ ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং, ওখানেও অ্যাকশন দৃশ্য আছে৷ তাঁর আগে পা-কে একটু বিশ্রাম দিতে হবে৷ তাই ছয় সাত দিনের একটা ব্রেক নিতে হচ্ছে৷ ২২ বা ২৩ তারিখ থেকে আবার কাজ শুরু হবে৷"

সিরিজটি পরিচালনা করছেন শমীক রায়চৌধুরী।অভিনয়ে থাকছেন মেইয়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, আয়ুষ দাস এবং সুশ্মিতা রায়। এই প্রথম কোনও বাংলা সিরিজে অভিনয় করতে চলেছেন মেইয়াং চ্যাং। 

গল্পের কেন্দ্রে রয়েছেন এক প্রাক্তন পুলিশ অফিসার। জটিল পরিস্থিতিতে তিনি নিজের শহরে ফিরে আসেন এবং একটি রহস্যময় মৃত্যুর তদন্ত শুরু করেন। সেই তদন্তের সূত্র ধরেই সামনে আসে তাঁর অতীতের গোপন অধ্যায়। এই চরিত্রের জন্য বিক্রম ওজন কমিয়েছেন, দাড়ি-চুল বড় করেছেন৷ 
এখন পায়ের চোট সারিয়ে আবার শুটিং শুরুর অপেক্ষা৷