প্রয়াত প্রবীণ অভিনেতা সুদেশ কুমার ধাওয়ান। ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৯৫ বছর। মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর দুই সপ্তাহ আগে অভিনেতার ব্রেনস্ট্রোক হয়েছিল৷ তিনি ২০শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর গত সপ্তাহে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়, যেখানে তাঁর পরিচর্যা চালিয়ে যাওয়ার জন্য একটি আইসিইউ-এর ব্যবস্থা করা হয়েছিল। তাঁর মৃত্যুতে শোকাহত স্ত্রী-কন্যা।
সুদেশ কুমার ১৯৩১ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। আগামীকাল ৪ মে তাঁর স্মরণসভার আয়োজন করা হয়েছে৷ বিকেল ৪টা থেকে মুম্বাইয়ের এফপিএইচ ব্যাঙ্কোয়েটস হলে স্বরণসভা অনুষ্ঠিত হবে।
বাবার ইচ্ছা ছিল ডাক্তার হবে ছেলে৷ কিন্তু তিনি মঞ্চাভিনয়ের জগতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন৷ অভিনয়কেই বেছে নেন এবং পৃথ্বীরাজ কাপুরের বিখ্যাত নাট্যদলের মাধ্যমে তাঁর অভিনয়ের যাত্রা শুরু করেন।
‘সারঙ্গা’-তে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সুদেশ কুমার ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তী বছরগুলোতে তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।
হিন্দি সিনেমার কাজের পাশাপাশি তিনি বেশ কয়েকটি সফল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন। 'ছোটি বহেন', 'ভরসা' এবং 'খানদান'-এর মতো ছবিতে তাঁর ভূমিকা পার্শ্ব অভিনেতা হিসেবে তাঁকে স্বীকৃতি দেয়।
অভিনয়ের বাইরে সুদেশ কুমার চলচ্চিত্র প্রযোজনাতেও হাত দেন। প্রযোজক হিসেবে তাঁর শেষ কাজ ছিল 'জান হাতেলি পে'।















