প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার তিরন্দাজ৷ ভারতীয় বিনোদন জগতের পরিচিত মুখ তিনি। ৬৯ বছর বয়সে গতকাল মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে। দিনিয়ার তিরন্দাজের মৃত্যুর খবরটি সর্বপ্রথম ‘পার্সি জরোস্ট্রিয়ানস ওয়ার্ল্ডওয়াইড – দ্য হায়দ্রাবাদি পেজ’ (Parsi Zoroastrians Worldwide – The Hyderabadi Page) নামক ফেসবুক গ্রুপে প্রকাশ করা হয়৷ ওই পোস্টে লেখা ছিল, “প্রয়াত রুস্তম তিরন্দাজের ভাই দিনিয়ার তিরন্দাজ পরলোকগমন করেছেন। বিকেল ৩:৪৫-এ বোম্বের ওয়াদিয়া বাংলিতে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।" 

তবে এখনও পর্যন্ত দিনিয়ার তিরন্দাজের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তাঁর পরিবার কিংবা কোনো আনুষ্ঠানিক সূত্র, কারও পক্ষ থেকেই তাঁর মৃত্যুর পরিস্থিতি বা এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


১৯৮৪ সালে ‘দুনিয়া’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করেন দিনিয়ার। এরপর ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘ক্যা কেহনা’, ‘হ্যালো ব্রাদার’, ‘আলবেলা’, ‘চলতে চলতে’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’ এবং ‘কামাল ধামাল মালামাল’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় বা ছোট— যে কোনও চরিত্রকেই নিজের অভিনয় দক্ষতায় স্মরণীয় করে তোলার বিরল ক্ষমতা ছিল তাঁর। তাঁর সহজ-সরল অভিনয়, রসবোধ এবং পর্দায় অনবদ্য উপস্থিতি তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘জবান সাম্ভাল কে’-তে মিস্টার কেকি দারুওয়ালার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ছিল তাঁর সফল উপস্থিতি।

সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু তারকা এই প্রবীণ অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অভিনেতা সুরেশ মেনন "ওম শান্তি" লিখে শোক প্রকাশ করেন এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং হাত জোড় করা ইমোজি দিয়ে শোকবার্তা জানান; বিনোদন জগতে তিরন্দাজের অবদান ও স্মৃতিচারণে তাঁরাও শামিল হন।

দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে নিজের অসাধারণ কমিক টাইমিং এবং স্বতন্ত্র অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।