সম্প্রতি তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদের খবরের পর নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, অভিনেত্রী এখন বলিউডের অন্যতম 'হার্টথ্রব' আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করছেন। টিনসেল টাউনের অন্দরের খবর, আদিত্য ও তারা নাকি প্রেম করছেন। কিছুদিন আগে পর্যন্তও আদিত্যর নাম অনন্যা পাণ্ডের সঙ্গে জড়ানো হতো তখন তারা সুতারিয়া ব্যস্ত ছিলেন বীর পাহাড়িয়ার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে। তবে এখন গুঞ্জন এই দুই তারকা একে অপরের মধ্যেই নতুন করে ভালবাসা খুঁজে পেয়েছেন।
এর মধ্যেই খবর এল, নতুন শুরু করছেন বীর পাহাড়িয়াও। তবে নতুন কোনও সম্পর্কে জড়াননি তিনি, বরং নতুন কাজ শুরু করছেন। আসন্ন অ্যাকশন-থ্রিলার ঘরানার চলচ্চিত্র 'বেনাম'-এ তাঁকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবিকে ঘিরে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট। তিনি এই ছবির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন।
'বেনাম' মূলত একটি অ্যাকশন-থ্রিলার। এতে ভরপুর অ্যাকশন দৃশ্যের পাশাপাশি বাণিজ্যিক সাফল্যের ধারা বজায় রাখার মতো চমৎকার গানও থাকবে। এই ছবির হাত ধরেই বীর পাহাড়িয়া প্রথমবারের মতো পর্দায় একজন রগচটা ও দুর্ধর্ষ অ্যান্টি-হিরোর চরিত্রে হাজির হবেন।
প্রসঙ্গত, তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়াকে বলিপাড়ার 'পাওয়ার কাপল' বলেই মনে করতেন নেটিজেনরা। তবে গত বছরের শেষের দিকে এপি ধিলোনের মুম্বই কনসার্টের একটা ঘটনাকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই অনুষ্ঠানে স্টেজের ওপর গায়কের সঙ্গে তারার একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময় দর্শকদের মাঝে থাকা বীরের প্রতিক্রিয়া দেখে নেটিজেনরা ধারণা করেছিলেন যে তিনি বেশ অস্বস্তিতে ছিলেন। সেই ঘটনার রেশ ধরেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। যদিও সেই সময় তারা জানিয়েছিলেন এসব নিছক গুঞ্জন। পরে অবশ্য দু'জনেই বুঝিয়ে দিয়েছেন যে এখন আর সম্পর্কে নেই তাঁরা।













