অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে এস এস রাজামৌলির ছবি 'বারাণসী'তে। খলনায়কের ভূমিকায় অভিনয় করার পর মুখ খুললেন পরিচালককে নিয়ে৷ পৃথ্বীরাজ জানিয়েছেন, "একটি দৃশ্যের জন্য একদিনে তাঁকে এবং মহেশ বাবুকে প্রায় ১০০ বার পর্যন্ত টেক দিতে হয়েছিল। তিনি বলেন, ওই দিন তাঁরা প্রায় ঠিকমতো খেতেও পারেননি, কারণ পরিচালক তাঁর পছন্দের শটটি পেতে চেয়েছিলেন।"
পৃথ্বীরাজ বলেন, “একটুও বাড়িয়ে বলছি না। ছবির একটি বিশেষ দৃশ্যের জন্য মহেশ এবং আমি সকাল থেকে শুটিং শুরু করেছিলাম। আমার মনে নেই সেটা ৯৪তম টেক ছিল নাকি ৯৭তম। তবে আমার মনে আছে, আমি আর মহেশ এটা নিয়ে মজা করেছিলাম। সকালে শুরু করেছিলাম, লাঞ্চ ব্রেক চলে এল, কিন্তু শটটা এখনও হয়নি। তখন রাজামৌলি স্যার বললেন, চলুন একটু বিরতি নিই, খেয়ে আবার আসুন।"
তিনি আরও বলেন, “খাবারটা মুখে তোলার পরেই তিনি বললেন, শট প্রস্তুত। আমরা আবার সেটে ফিরে গেলাম এবং শুটিং শুরু করলাম। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার ইশারা করছিলেন যে এবার শেষ করার সময় হয়ে গিয়েছে। কিন্তু তখনও শট মনের মতো হয়নি। তিনি বললেন, ঠিক আছে, প্যাক আপ করি, কাল সকালে আবার করব।"
পরিচালকের কাজের প্রতি আনুগত্যের কথা জানাতে গিয়ে পৃথ্বীরাজ জানান, 'বারাণসী'র সেটে লাঞ্চ ব্রেক মাত্র ২০ মিনিটের। তাঁকে দেখে মনে হয় এমন একজন তরুণ পরিচালক, যিনি অবশেষে তাঁর প্রথম ছবি বানানোর সুযোগ পেয়েছেন। তাঁর মতো এত পরিশ্রমী পরিচালক আর কারও সঙ্গে আমি কাজ করিনি।"
পৃথ্বীরাজ জানান, রাজামৌলি সেটে সবার আগে আসেন এবং সবার শেষে বাড়ি ফেরেন। সকলে সময় মতো সেটে আসুক সেটাই চান রাজামৌলি। নিজে শুটিংয়ের অনেক আগেই সেটে পৌঁছে সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত করে নেন।
'বারাণসী' ছবিতে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় বাজেটে তৈরি এই ছবিতে পৌরাণিক উপাদান এবং টাইম ট্রাভেলের বিষয়ও থাকবে বলে জানা গিয়েছে।
















