স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'-এ এবার গল্পকে আরও টানটান, আকর্ষণীয় করে তুলতে গল্পে আসছে নতুন চমক। ভয়ঙ্কর অতীতের মুখোমুখি হবে পরশুরাম। আর অতীতের খোঁজেই বাড়ি থেকে দূরে আছে সে। এদিকে, তার পরিবারের উপর বিরাট ঝড় আসতে চলেছে। পরশুরামকে লহরী ফোন করে সেই বিপদের আগাম আভাস দেয়। পরশুরাম একটুও ভেঙে না পড়ে লহরীকে জানায়, তার পরিবারের কেউ ক্ষতি করতে পারবে না। রাখে পরশুরাম, মারে কে?
কিন্তু তটিনী ও লাট্টু-পিকুর উপর আবার কারা হামলা করবে? পরশুরামের চোখের আড়ালে কোন ছক কষা চলছে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
কিছুদিন আগে গল্পে দেখা গিয়েছিল কুসুমপুরে একটি গোপন মিশনে এসেছে পরশুরাম। তবে কীসের খোঁজে? একটি ভগ্নপ্রায় বাড়িতে গিয়ে সমস্ত জিনিস ঘেঁটে দেখে সে। সেখানেই একটি ছবি খুঁজে পায়। বোঝে যার খোঁজে এসেছিল সে আসলে তার বোন! তটিনীকে ফোন করে পরশুরাম জানায় শিবানী আসলে তার বোন। কিন্তু কীভাবে কারা তাকে খুন করেছিল জানতে পারবে কি?
এই প্রশ্নের খোঁজে স্থানীয় থানায় যায় পরশুরাম। সেখানে গিয়ে শোনে শিবানীর নাকি চরিত্র ভাল ছিল না। বোনের বিষয়ে এই তথ্য জেনে ক্ষেপে যায় পরশুরাম। তার খুনের নেপথ্যে আসলে কী বা কারা সে কি আদৌ খুঁজে বের করতে পারবে, নাকি অন্য কোনও বিষয় জানতে পারবে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। এই পর্বগুলো দেখে এখন দারুণ খুশি দর্শক। তাদের মতে গল্প এবার আরও জমে উঠেছে। আগের মতোই থ্রিলারের টান ফিরে এসেছে। এদিকে, তটিনীর পরিচয়ও এতদিনে সবার সামনে এসেছে। পরশুরাম ও তটিনী মিলে এখন রহস্য সমাধানে তৎপর। কিন্তু পরশুরামের অতীতের সঙ্গে তটিনীর কি কোনও যোগ আছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
প্রসঙ্গত, এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। 'পরশুরাম' প্রতিদিন রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা।
















