বিপদ যেন কাটতেই চাইছে না সোম-পার্বতীর। বিরাট চমক আসছে জি বাংলার ধারাবাহিক 'দাদামণি'তে। আবারও পার্বতীর বাবা পার্থসারথি রায় সোমের পরিবারের উপর মিথ্যের বোঝা চাপানোর চেষ্টা করে। কিন্তু এবার আর চুপ করে থাকতে পারে না সোম। সে রীতিমতো বিরাট পদক্ষেপ করে বসে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গ্রামের স্কুলের ফান্ড থেকে টাকা চুরি করার দায়ে সোমের মাকে দোষারোপ করতে থাকে পার্থসারথি। সোমের মা প্রতিবাদ করতে গেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পার্থসারথি।
তার মায়ের প্রতি পার্বতীর বাবার এই আচরণ দেখে মাথা ঠিক রাখতে পারে না সোম। সে গুণ্ডাদের ধরাশায়ী করে সোজা পৌঁছে যায় পার্থসারথির কাছে। রাগের বশে ছুরির কোপ মারে তাকে। আতঙ্কে চিৎকার করে ওঠে পার্বতী ও সোমের মা। রাগের মাথায় কি পার্থসারথিকে মেরে ফেলল সোম? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? টানটান উত্তেজনাপূর্ণ এই প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে।
কিছুদিন আগেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সোম। তাকে বাঁচাতে আগুনের চুল্লির উপর দিয়ে হেঁটেছিল পার্বতী। সোমকে বাঁচানোর তাগিদে নিজের সবটুকু ভুলেছিল সে। মহাদেবের আরাধনায় কঠিন ব্রত পালন শুরু করেছিল পার্বতী। এদিকে আইসিইউ-তে সোমের অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। দর্শকের মনে তখন প্রশ্ন জেগেছিল পার্বতী কি পারবে সোমকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে?
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, সোমের প্রতি পার্বতীর অবিশ্বাস দিনে দিনে বেড়েই চলেছে।তাই সে সোমকে ছেড়ে চিরকালের মতো চলে যাওয়ার কথা বলে। সোম বাধা দিলেও পার্বতী তার সিদ্ধান্তে অনড় থাকে। এদিকে, তাদের কথার মাঝেই আড়াল থেকে একজন বিষ মাখানো তির ছুড়ে মারে সোমের দিকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে।
সোমকে এই অবস্থায় দেখে ভয়ে চিৎকার করে ওঠে পার্বতী। সে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় সোমকে। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরেই চিকিৎসক জানায়, সোমকে একমাত্র ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারবে না। পার্বতী তখনই ছুটে যায় মহাদেবের মন্দিরে। শাড়ির আঁচল পেতে শিবের কাছে স্বামীর প্রাণভিক্ষা চায়। মহা শিবরাত্রির দিন সোমকে বাঁচাতে কঠিন ব্রত পালন করে সে। অবশেষে সোম প্রাণে বেঁচে যায়। এরপর যদিও আসল অপরাধীকে খুঁজে বের করে সোম-পার্বতী, যে এই কাজ করেছিল। আবারও মিল হয়ে যায় সোম-পার্বতীর। কিন্তু তার মাঝেই হঠাৎ এমন বিপদ নামল তাদের জীবনে! বাবার মৃত্যু কি মেনে নেবে পার্বতী? আবারও কি দূরত্ব তৈরি হবে সোমের সঙ্গে? উত্তর মিলবে ১০ মার্চ, রাত নটায়।
