স্টার জলসায় শুরু হয়েছে 'ভোলেবাবা পার কারেগা'র নতুন সিজন। এই সিজনের গল্প আগেরটার থেকে একেবারেই আলাদা। এবার গল্প এগোচ্ছে উজান, কুইন ও রত্নজিৎকে নিয়ে। গল্পের নতুন মোড়ে বেশ জমে উঠেছে এই ধারাবাহিক। এখন দেখা যাচ্ছে কুইন ও উজানের হানিমুনের পরিকল্পনা চলছে। উজান হাবভাবে বুঝিয়ে দিচ্ছে সে কুইনের সঙ্গে একান্তে সময় কাটাতে চায়। এদিকে, বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে বেড়াতে যেতে চায় কুইন। সেই মতো ফন্দি আঁটে সে। 

সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে কুইন ও উজানের হানিমুনের আগেই হুলস্থুল কাণ্ড বাঁধতে চলেছে। দেখা যাচ্ছে, কুইন বাড়ির সবাইকে জানায় তাদের হানিমুনের প্ল্যান হয়ে গিয়েছে। তারা আলাদা যাবে আর বাড়ির লোকেরা যেন পরে আলাদা চলে আসে। কুইন বলে, উজানের চোখকে ফাঁকি দেওয়ার জন্য যেন ছদ্মবেশে আসে তারা। বাড়ির সবাইকে হানিমুনে দেখে কী করবে উজান? কুইনের প্ল্যান জানতে পেরে কোন অশান্তি হবে আবার? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। এই মজার প্রোমো দেখে ধারাবাহিকের আগামী পর্বের জন্য দারুণ উত্তেজিত দর্শক মহল।

প্রসঙ্গত, 'ভোলেবাবা পার কারেগা' ধারাবাহিকের গল্প অনুযায়ী, রত্নজিৎ ও কুইন এক সময় একে অপরকে ভালবাসত। তাদের ভালবাসা এখনও ফিকে হয়ে যায়নি। তবে রত্নজিৎ চাকরি না পাওয়ার জন্য কুইনের বাড়ি থেকে তার অন্য পাত্র দেখে বিয়ে ঠিক করে। ফলে কুইন নিজের ভালবাসা ভুলে বিয়েতে রাজিও হয়, কিন্তু মন পড়ে থাকে তার রত্নজিতের কাছেই। 

এদিকে, কুইনের বিয়ে ঠিক হয় উজানের সঙ্গে। উজান রগচটা মানুষ। নিজের মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তেমন ভাল সম্পর্ক নেই। বিয়েতেও একপ্রকার জেদের বশেই রাজি হয় সে। এদিন প্রোমোতে দেখা যায়, রত্নজিৎ কুইনকে বলছে যে, সে তো তাকে ভালবাসে। তার সঙ্গে মনের মিল রয়েছে, অন্যের সঙ্গে কীভাবে সংসার করবে? কুইন সব শুনেও ফিরিয়ে দেয় রত্নজিৎকে। বিয়ের পরে যদিও একটু একটু করে বদলে যাচ্ছে কুইনের জীবন। উজানের পরিবারের সঙ্গে বেশ‌ বনিবনা হয়ে গিয়েছে তার। উজান বরাবরই বদমেজাজি। তাই কুইনের সঙ্গে তার ভাব না হলেও স্ত্রীর যোগ্য সম্মান থেকে তাকে বঞ্চিত করেনি‌‌। দু'জনেই অজান্তেই একে অপরের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে। এখন কুইন ও উজানের দুষ্টু-মিষ্টি রসায়ন দারুণ মনে ধরেছে দর্শকের।