সিরিজ থেকে শুরু করে ছোট ছবির ময়দান ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক। এবার এই ওটিটি চ্যানেলে আসছে এক মনস্তাত্ত্বিক ছোট ছবি 'উল্টো রাজার দেশে'। পরিচালনায় ঋষভ দত্ত। এই স্বল্পদৈর্ঘ্যের ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন বিমল গিরি, স্বরলিপি ঘোষ, মিনাশ্রী সরকার। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন বনানী দে। প্রযোজনায় শুভদীপ ঘোষ ও ঋষভ দত্ত। চিত্রগ্রহণে সুশোভন চক্রবর্তী, শিল্প নির্দেশনায় প্রীতম মণ্ডল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রাজদীপ দাশগুপ্ত।

গল্প অনুযায়ী বিপ্লব একজন সাধারণ মানুষ। দারিদ্র্য, ঋণ আর একের পর এক ব্যর্থতা তার জীবনকে কঠিন করে তুলেছে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছে সে। বোনের প্রতি তার দায়িত্ববোধ অনেক। একজন শিক্ষক হিসেবে কাজ করলেও, আদালতের রায়ে ২৬ হাজার শিক্ষকের সঙ্গে তার চাকরিও চলে যায়।

কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়ে ভেঙে পড়ে সে। এর মধ্যে প্রেমিকার বিয়ে হয়ে যায়। জোর করে তাকে বিয়ের পিঁড়ি থেকে নিয়ে আসার কথা ভেবেছিল। কিন্তু সাহসের অভাবে সে তা করতে পারেনি। সব দিক থেকে হেরে গিয়ে, আর কোনও পথ না দেখে, বিপ্লব মৃত্যুকেই বেছে নেয়। কিন্তু তার গল্প সেখানেই শেষ হয় না। মৃত্যুর ঠিক আগে তার সামনে খুলে যায় এক রহস্যময় দরজা, যা তাকে নিয়ে যায় উল্টো রাজার দেশে।

সে এক অদ্ভুত জগৎ, যেখানে হারিয়ে যাওয়া মানুষ নতুন করে বাঁচার সুযোগ পায়, দুর্বলরা শক্তিশালী হয়ে ওঠে, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনও থেমে থাকে না। শেষমেশ কী হবে তার সঙ্গে? কল্পনা আর বাস্তবের ভিড়ে কি হারিয়ে যাবে সে? আগামী ২৫ জুন উত্তর মিলবে ছবির গল্পে।