রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তৃষাকে বিজয়ের চর্চিত প্রেমিকা হিসেবেও চেনেন অনেকে। বিজয়ের এই বিশেষ মুহূর্তের সাক্ষী থেকে তাঁদের প্রেমের জল্পনা যেন আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী। এদিনের অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণানও।
এদিন তৃষার পরনে ছিল 'পোথিস'-এর একটি হালকা নীল রঙের কাঞ্জিভরাম সিল্ক শাড়ি, যাতে সোনালি সুতোর কাজ ছিল নজরকাড়া। এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ঘিয়ে রঙের একটি এমব্রয়ডারি করা ব্লাউজ। 'জিআরটি জুয়েলার্স'-এর হিরে এবং চুনির জমকালো গয়নায় সেজেছিলেন তিনি। হালকা মেকআপ, কপালে ছোট্ট টিপ আর চুলে গোঁজা একগুচ্ছ জুঁই ফুলে অভিনেত্রী যেন হয়ে উঠেছিলেন অপরূপা। জানা যাচ্ছে, স্টাইলিস্ট একা লাখানি এবং হর্ষিনী রবিচন্দর অভিনেত্রীকে এই বিশেষ দিনের জন্য সাজিয়ে তুলেছিলেন।
বিজয়ের শপথগ্রহণে তৃষার এই সাজ এখন নেটপাড়ার আলোচনায়। এদিনের সভায় তৃষার ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, তামিলনাড়ুর ভোট গণনার দিন জন্মদিন ছিল তৃষার। সেদিন ৪৩ বছরে পা দিয়েছিলেন অভিনেত্রী। সকালে ভগবান দর্শনের জন্য মন্দিরে তৃষাকে যেতে দেখেই অনেকে মনে করেছিলেন বিজয়ের জন্য প্রার্থনা করতেই হয়তো মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। টিভিকে পার্টি প্রতিষ্ঠা করে নির্বাচনে লড়েছিলেন বিজয়। বিপুল ভোটে জয়ীও হন তিনি। বিজয়ের জেতার ইঙ্গিত পেতেই তাঁর সঙ্গে দেখা করতে ছুটেছিলেন তৃষা। অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের। তাই, বরাবরের মতো এই বিশেষ দিনেও থালাপতির পাশেই থাকলেন তাঁর 'লেডি লাক'।















