আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
বিজয়ের শপথে এসে মুখ খুললেন তৃষা
অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। নবনিযুক্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়-এর শপথগ্রহণ অনুষ্ঠানে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৃদু লজ্জাজড়িত হাসিতে তিনি বলেন, “অভিনন্দন বিজয়। আমি খুব খুশি।”
বিজয়ের সমর্থকদের জন্য কোনো বার্তা আছে কি না জানতে চাইলে তৃষা বলেন," অভিনন্দন।”
নীল কাঞ্জিভরম শাড়ি, খোঁপায় জুঁইয়ের মালায় সেজেছিলেন তৃষা। মা উমা কৃষ্ণানের সঙ্গে অনুষ্ঠানে আসেন তিনি। বিজয়ের বাবা-মায়ের সঙ্গেও সৌজন্য বিনিময় করেছেন। আগামী ১৪ মে মুক্তি পাচ্ছে ত্রিশার নতুন ছবি ‘কারুপ্পু’, যেখানে তাঁর সঙ্গী সূর্য।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে বিজয়ের ছবিমুক্তির দিন ঘোষণা
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়-অভিনীত ‘জনা নায়াগান’ আগামী দু’সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহে আসছে। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে নিশ্চিত করলেন প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ, তিনি জানিয়েছেন, “সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) সঙ্গে চূড়ান্ত প্রক্রিয়া চলছে। আমরা খুব খুশি। ১৪ দিনের মধ্যেই মুক্তি পাবে ছবিটি।” বিজয়ের অভিনয় জীবনের শেষ ছবি এই ‘জনা নায়াগান’— এরপর তিনি পূর্ণ-সময়ের জন্য রাজনীতিতে। তেলুগু ছবি ‘ভগবন্ত কেশরী’-র এই রিমেক পরিচালনা করেছেন এইচ বিনোদ, সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, মামিথা বাইজু। প্রযোজকের কথায়, “বিজয় স্যারকে আমি ব্যক্তিগতভাবে চিনি— শৃঙ্খলাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। যা বলেন, তাই করেন।” সম্প্রতি ছবির অংশবিশেষ অনলাইনে ফাঁস হয়এ গিয়েছিল৷ এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গির অরণ্যে রকুলপ্রীতের ভিডিও ঘিরে বিতর্ক
আসন্ন ছবি ‘পতি পত্নী অউর ও দো’-র প্রচারে গুজরাট সফরে গিয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেখানেই গির ন্যাশনাল পার্কে তাঁর ভিডিও ভাইরাল হতেই শুরু বিতর্ক৷ ক্যামেরায় ধরা পড়েছে, রাকুল যেন ‘মর্নিং ওয়াক’-এর মতোই অরণ্যে হেঁটে যাচ্ছেন।
নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “সাধারণ মানুষ এমন করলে জরিমানা হত, সেলিব্রিটি বলেই কি ছাড়?” এক ব্যবহারকারীর কটাক্ষ, “মিস ধুরন্ধর ভুলে গেছেন এটি জঙ্গল, এটাই প্রিভিলেজ।”
বিতর্ক বাড়তেই গির ফরেস্ট কর্তৃপক্ষ সরকারি এক্স-হ্যান্ডলে জানিয়েছেন, “ভিডিওটি ক্যাম্পাসের গেটের বাইরে থেকে তোলা— সংরক্ষিত এলাকার ভিতরে নয়।”














