দেখে বোঝার উপায়ই নেই যে, বয়স হয়েছে ৪৮। প্রায় ৫০ ছুঁইছুঁই বয়সেও দারুণ ফিটনেস টোটা রায়চৌধুরীর। নিয়মিত শরীরচর্চা করেন। ডায়েটেও থাকে কড়া নজর। তাঁর সেই শরীরচর্চা ও যোগাসনের ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করে অনুরাগীদের সুস্থ জীবন যাপনের জন্য উৎসাহিতও করেন অভিনেতা। এবার ফের একবার নিজের মার্শাল আর্ট চর্চার মুহূর্তের এক ঝলক মুহূর্ত সমাজমাধ্যমে নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন টোটা। বলাই বাহুল্য, ‘ফেলুদা’র নজরকাড়া ফিটনেস দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার! 

 

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে মনোযোগ স্থির করে হাত মুষ্টিবদ্ধ করে প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরপরই মাথার উপর পর্যন্ত পা তুলে বৃত্তাকারে ঘোরাতে শুরু করেন, যা নিখুঁত মার্শাল আর্ট নিয়ন্ত্রণেরই প্রমাণ।

পোস্টে অভিনেতা লিখেছেন, ছোটবেলা থেকেই তিনি অ্যাকশন সিনেমার ভক্ত। ব্রুস লি ও জ্যাকি চ্যানকে দেখে অনুপ্রাণিত হয়েই মার্শাল আর্ট শেখা। বাংলা ছবিতে অ্যাকশন স্টার হওয়ার ইচ্ছেও ছিল তাঁর, যদিও সে পথে তেমন সাফল্য পাননি। বহুদিন পর অনুশীলনে নেমে নিজের পুরনো ফর্ম ফিরেছে কি না, সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন দর্শকদের দিকে।


অভিনেতার কথায় – “…বহুদিন পর অনুশীলনে নামলাম। নেমেই নিজেকে প্রশ্ন, আগের মতো form আছে? Crescent kick, feather-touch kick combination টা ঝালিয়ে নিলাম। পারলাম কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন। দর্শকবন্ধুদের ভালো লাগলে পরিশ্রম সার্থক।”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)

 

নেটিজেনদের মনে প্রশ্ন ছিল, এহেন ফিটনেস ধরে রাখতে টোটা কী খান? কতটা কড়া ডায়েট করেন? একবার খোলসা করেছিলেন অভিনেতা নিজেই। টোটাই জানিয়েছিলেন যে, কোনো মুখরোচক, দারুণ খাবার নয়, বরং তাঁর রোজকারের ডায়েটে থাকে ঘরে তৈরি ভাত-ডাল-তরকারি। আর ভাতটাও সাধারণ চালের, ব্রাউন রাইস নয়। আরও জানিয়েছিলেন, শুটিং বা অনুষ্ঠানের জন্য বছরভর টোটাকে বাইরের খাবার খেতে হয়। কিন্তু কোনও এক দিন তেল-মশলা যুক্ত খাবার খেলে সপ্তাহের বাকি দিন তিনি ‘জাঙ্ক ফুড’ থেকে দূরে থাকার চেষ্টা করেন। খাবারের সঙ্গে বাহারি পদে বিশ্বাসী নন অভিনেতা। বরং খিদে বুঝে মেপে খাবার খাওয়ায় বিশ্বাসী তিনি।

 

 

&t=313s