সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বরুণ -কীর্থির হইহই কাণ্ড
মুক্তি পেল 'বেবি জন'-ছবির প্রথম গান 'নয়ন মটক্কা'। গানের ভিডিওতে বরুণ ধাওয়ান এবং জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কীর্থি সুরেশের রসায়নে মজেছে নেটপাড়া। গানটি গেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ এবং অস্ট্রেলিয়ান গায়িকা ধী। এই অজি-গায়িকা এর আগে 'রাউডি বেবি' গানটি গেয়েছিলেন ধনুশ অভিনীত 'মারি ২' ছবিতে যা দারুণ জনপ্রিয় হয়েছিল। 'নয়ন মটক্কা'র গানের সুর যে ইতিমধ্যেই গুনগুন করতে শুরু করেছে বরুণ-দিলজিৎ-কীর্থির অনুরাগীরা, তা বলাই বাহুল্য।
'সিঙ্গল' মল্লিকা
এইমুহূর্তে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেই মল্লিকা শেরাওয়াত। নিজের মুখেই সম্প্রতি সে কথা কবুল করলেন তিনি। জানালেন, সিরিল অক্সেনফ্যানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। 'মার্ডার' অভিনেত্রীর কথায়, " হ্যাঁ, এটা সত্যি এখন আমি সিঙ্গল। আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এ বিষয়ে এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। আজকালকার দিনে একজন ভাল সঙ্গী পাওয়া সহজ কথা নয়..."
কৃতির 'সুপার -উওম্যান' ইচ্ছে
সুপারহিরো ছবিতে অভিনয়ে দারুণ আগ্রহ কৃতি শ্যাননের। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেই কথা জানালেন তিনি। আরও জানান, হিন্দি ছবিতে 'কৃষ' ছাড়া মনে রাখার মতো সুপারহিরো ছবি আর তৈরি হয়নি বললেই চলে। তাই এরকম আরও ছবি তৈরি হলে মন্দ হয় না। 'দো পত্তি' ছবির অভিনেত্রীর কথায়, "মহিলা-সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চাই। 'কৃষ'-এর পাশাপাশি এক ছবিতে হাজির হলে মন্দ হয় না।"
















